বিনোদন ডেস্ক- ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান সম্প্রতি তার ‘গলুই’ সিনেমার ‘ডাবিং’ করেন যুক্তরাষ্ট্রে। পরিচালক-প্রযোজক ও নায়কের আলোচনার ভিত্তিতে সেখানে ডাবিং হয়। তবে শাকিবের যুক্তরাষ্ট্রে ডাবিংয়ের খবরকে কেন্দ্র করে ‘চড়ানো’ দরকার বলে মন্তব্য করেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।
শাকিবকে নিয়ে দেলোয়ার জাহান ঝন্টুর এই বিতর্কিত মন্তব্য নিয়ে সিনেপাড়ায় হইচই ফেলে দিয়েছে। তবে তার এ মন্তব্যকে ‘অহেতুক’ ও মোটেও সমর্থন করেন না বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় দৈনিক সমকালকে এই পরিচালক বললেন, ঝন্টু ভাইয়ের বয়স প্রায় ৭৩ বছর। যখন কিছু বলতে যান বাছবিচার করে না। তবে ওনার মাথায় একটু সমস্যা আছে।’
শাকিবকে কটূক্তি প্রসঙ্গ টেনে ঝন্টু সম্পর্কে সোহানুর রহমান সোহান বলেন, উনি (দেলোয়ার জাহান ঝন্টু) অতিরিক্ত করছেন। এগুলো বলা তার মোটেও ঠিক না। আমেরিকায় ডাবিং করা নিয়ে যেখানে প্রযোজক-পরিচালকের কোনো অসুবিধা নেই তাহলে তার সমস্যা কেন? উনি কার থেকে কী শুনে এমন খারাপ মন্তব্য করেছেন আমার জানা নেই। তবে তার বুঝেশুনে কথা উচিত ছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বেশ কয়েকবার ভিসার আবেদন করেছিলেন শাকিব খান। কিন্তু একবারও তা গৃহীত হয়নি। অবশেষে গত নভেম্বরে দেশটির ভিসা পান তিনি। এরপর ১২ নভেম্বর উড়াল দেন। বাইডেনের দেশে গিয়ে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ও ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাকিব।
সেসময় নভেম্বর মাসেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু শাকিব এখনো দেশে ফিরেননি। শাকিবের এই দীর্ঘ সফর নিয়ে চলচ্চিত্রাঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। পরে শাকিব খানের ভয়েস নিতে চলতি মাসের ১০ তারিখ যুক্তরাষ্ট্রে ছুটে যান গলুই সিনেমার পরিচালক অলিক। আর ১১ তারিখ থেকে সেখানকার একটি স্টুডিওতে এর কাজ শুরু হয়।
এদিকে শাকিবের যুক্তরাষ্ট্রে ডাবিংয়ের খবরকে কেন্দ্র করে ‘অপ্রাসঙ্গিক’ মন্তব্য করেন দেলোয়ার জাহান ঝন্টু।
তবে সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, দেলোয়ার জাহান ঝন্টু কেন এসব কথা বলেছেন তার জানা নেই। এও বলেন, ‘গলুই’ সিনেমা নিয়ে তার (ঝন্টু) মন্তব্য একান্তই ব্যক্তিগত ব্যাপার। শাকিব টানা ৩৫ দিন শিডিউল দিয়ে পূর্ণ সহযোগিতা করেছেন। চাওয়ার চেয়েও বেশী সহযোগিতা করেন। এজন্য তার কাছে কৃতজ্ঞ।
