বিনোদন ডেস্ক- দেশের সংগীতাঙ্গনের নন্দিত কণ্ঠশিল্পী মনির খান। কয়েক দশক ধরে শ্রোতাদের গান শুনিয়ে যাচ্ছেন তিনি। কোটি শ্রোতার ভালোবাসার পাশাপাশি জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক স্বীকৃতি। এখনও সংগীত সাধনায় নিমগ্ন।
তথ্যপ্রযুক্তির এই যুগেও হারিয়ে যাননি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছেন অনলাইনে সরব থেকেও। নিয়মিতই তার ইউটিউব চ্যানেলে দেখা যায় নতুন গান। সেসব গান প্রচারে না থাকলেও তার শ্রোতা-ভক্তরা ঠিকই লুফে নিচ্ছেন ভালোবেসে।
সবার প্রিয় গায়ক মনির খান বর্তমানে রয়েছেন থাইল্যান্ডে। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। তবে এক ফাঁকে শখের বশে মাছ ধরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই শিল্পী।
বুধবার (২২ ডিসেম্বর) বাংলাদেশের স্থানীয় সময় বেলা সাড়ে ১০টায় থাইল্যান্ডের ব্যাংককে জাল দিয়ে মাছ ধরার একটি ভিডিও পোস্ট করেন মনির খান।
মনির খান প্রায় পাঁচ মিনিটের ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি শুধু শিল্পী নই’। ভিডিওতে তাকে দেখা যায়, ঝাঁকি (ক্ষ্যাপা) জাল দিয়ে মাছ ধরছেন। আর তাদের সঙ্গে রয়েছেন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বাংলাদেশি কয়েকজন শুভাকাঙ্ক্ষী।
মনির খান ব্যাংকক থেকে বলেন, গত ১৬ ডিসেম্বর ব্যাংককে একটি শো ছিল আমার। শো শেষ করে এখানে ঘুরে বেড়াচ্ছিলাম। এর মধ্যে গীতিকার লিটন শিকদার ভাই বললেন, গালফ অব থাইল্যান্ডে বিকেল ৩টা থেকে ৫/৬টা পর্যন্ত প্রচুর মাছ পাওয়া যায়। এ কারণে শখের বশে জাল নিয়ে বের হই আমরা।
তিনি বলেন, শুরুতে ভেবেছিলাম মাছ পাব কি, পাব না। কিন্তু না, হতাশ হতে হয়নি। মাছগুলো খুব বেশি বড় না হলেও বেশ ভালোই মাছ পেয়েছি। এক ঝাঁকেই অন্তত ৬/৭ কেজি মাছ উঠেছে। জালের প্রতিটি ঘরেই মাছ ছিল।
‘অঞ্জনা’ খ্যাত শিল্পী বলেন, আমার গ্রামের বাড়ি কপোতাক্ষ নদের পাশে। ছোট বেলায় শখের বশে মাঝে মাঝে ঝাঁকি (ক্ষ্যাপা) জাল দিয়ে মাছ ধরতাম। বৃষ্টি হলে মাছ ধরার যে আনন্দ তা মুখে বলে বুঝানো সম্ভব না। গ্রাম থেকে ঢাকায় চলে আসার পর সেই দিনগুলো হারিয়ে যেতে থাকে। যা এখন কেবলই স্মৃতি।
‘ব্যস্ততা আর পরিবেশের কারণে দিনগুলো হারিয়ে গেলেও অভ্যাস তো রয়ে যায়। গ্রামে বেড়ে ওঠা ছেলে আমি। মা, মাটি, গ্রাম-বাংলার প্রতি টান রয়েছে। তাই সময় ও সুযোগ পেলে সেই পুরোনো দিনগুলোয় ফিরে যাওয়ার চেষ্টা করি।
