১০ বছর পর আগের জায়গায় ফিরলেন শাহরিয়ার নাজিম জয়

বিনোদন ডেস্ক- একটা সময় টিভি নাটকে নিয়মিত অভিনয় করতেন শাহরিয়ার নাজিম জয়। নিজের সময়ে মীর সাব্বির, টনি ডায়েস, লিটু আনামদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতেন। সিনেমাতেও দেখা গেছে এই অভিনেতাকে।

 

অভিনয়ে তিনি যখন বেশ জনপ্রিয় তখনই কিনা ছেড়ে দেন এই অঙ্গন। মাঝে ফিরে আসেন উপস্থাপক হয়ে। এই মাধ্যমেও বেশ সফলতা পান। গত প্রায় পাঁচ বছরে উপস্থাপক হিসেবে জয় অর্জন করেন তুমুল জনপ্রিয়তা। উপহার দেন ‘সেন্স অব হিউমার’, ‘৩০০ সেকেন্ড’সহ আরও একাধিক জনপ্রিয় শো।

 

নতুন খবর হচ্ছে, আবারও অভিনয়ে ফিরেছেন শাহরিয়ার নাজিম জয়। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি জানান, ১০ বছর পর অভিনয় করেছেন। অরণ্য আনোয়ারের পরিচালনায় ‘বিয়ন্ড দ্য বর্ডার’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং করেছেন তিনি। এতে একজন সাইকো রোগীর চরিত্রে দেখা যাবে তাকে।

 

জয় বলেন, ‘এই গল্পটি চমৎকার। গত কয়েক বছরে অভিনয়ের অনেক প্রস্তাব পেলেও গল্প এবং চরিত্র পছন্দ হচ্ছিল না। এবার দুটোই ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করেছি। আশাকরি দর্শকের ভালো লাগবে।’

 

পরিচালক অরণ্য আনোয়ার বলেন, তিনজন কিশোর ও একজন কিশোরী রয়েছে ওয়েব ফিল্মটিতে। তারা একেবারে নতুন। সঙ্গে ৫০ উর্দ্ধ একজন ধনীর চরিত্রে অভিনয় করছেন জয়। এই চরিত্রের জন্য তাকে নতুন লুক দিয়েছি। গতানুগতিক ধাঁচের বাইরে অন্যরকমভাবে গল্প বলার চেষ্টা করছি। ঈদে এই ওয়েব ফিল্মটি একটি বেসরকারি টিভির অ্যাপে মুক্তি দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *