বিনোদন ডেস্ক- ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ ও নায়িকা মিমি চক্রবর্তীকে এবার দেখা যাবে ঢাকাই নায়ক নিরব হোসাইনের বিপরীতে। ইতোমধ্যে হয়েছে এর দৃশ্যধারণও। তবে মজার বিষয় হলো, সিনেমায় নয়, তারা কাজ করেছেন মিউজিক ভিডিওতে।
গতকাল (২০ ডিসেম্বর) মধ্যরাতে ভিডিওটির টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস। এর আগে এটি ‘গান বাংলা’ টিভি ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে গেয়েছিলেন তাপস ও রুমি।
আরফিন রুমির গাওয়া এই গানটির শিরোনাম ‘তুই আর আমি’। কৌশিক হোসেন তাপস ফিচারিং এ গানটির কথাগুলো হলো- ‘তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক।’
৩৩ সেকেন্ডের ‘তুই আর আমি’র টিজারে রোমান্টিক মুডে দেখা গেছে নিরব ও মিমিকে। এর ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। শিগগিরই পুরো গানটি অবমুক্ত হবে।
কাজটি নিয়ে নিরব বলেন, ‘মিমি চক্রবর্তীর অভিনয় আমার ভালো লাগে। প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করেছি। গানটিও চমৎকার। সব মিলিয়ে প্রজেক্টটি নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী।’
জানা যায়, ভিডিওটি দেশের বাইরে ধারণ করা হয়েছে। আর গানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের এমন প্রজেক্টে যুক্ত হলেন টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি।
