স্পোর্টস আপডেট ডেস্ক- সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্ট। এই টেস্টের শেষ ইনিংসের দিন ছিল বৃষ্টি। আর সেই বৃষ্টি বিঘ্নিত ইনিংসটিতে পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল।
সেদিন মাঠের খেলার বদলে হঠাৎ আলোচনায় চলে আসেন রুপালি পর্দার দুই তারকা কলকাতা খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জী এবং তার সহধর্মিনী বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গ্যালারিতে বসে খেলা দেখা দুই তারকা এক পর্যায়ে প্রেসবক্সে এসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
ওইদিন কথায় কথায় সৃজিত মুখার্জী বলেছিলেন, বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তিনি বায়োপিক বানাতে চান। সেজন্যই তিনি সাকিবের খেলা দেখতে মাঠে এসেছেন। সেদিন সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্টও করেন সৃজিত। সাকিব ছাড়াও তিনি দুই সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তুজা ও রকিবুল হাসানের বায়োপিক তৈরিতেও আগ্রহ দেখান। এবার সৃজিতের সেই দাবি এক কথায় উড়িয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান!
ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র’কে দেওয়া এক সাক্ষাতকারে সাকিব আল হাসান দাবি করেছেন, ‘আমার কাছে মনে হয়েছে, মিডিয়ার মনোযোগ কাড়তেই উনি (সৃজিত) এটা বলেছেন।’
কেন এমন মনে হলো সে প্রশ্নে সাকিবের জবাব, তিনি তো আমাদের দেশেরই আরও চার-পাঁচজনের নাম বলেছেন। আমার মনে হয়েছে, যার নাম মাথায় এসেছে, বলে দিয়েছেন।
ভারত দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকটি দেখেছেন বলে জানান সাকিব।
আর বাংলাদেশের দর্শকদের ক্ষেত্রে ধোনির বায়োপিকটির মতো কমার্শিয়াল ধরনের বানালে ভালো চলবে বলে মনে করেন সাকিব।
বলেন, ‘আমাদের দেশে বায়োপিক বানালে কমার্শিয়ালই বানানো লাগবে। ধোনিরটা দেখেছি। ভালোই লেগেছে। কারণ এটা কমার্শিয়ালি বানানো হয়েছে। আর এটাই ঠিক আছে। যেমন শচীনেরটা বানানো হয়েছে, আ বিলিয়নস্ ড্রিম না কী যেন, ওইটা আমাদের (ক্রিকেটার) জন্য ভালো। কিন্তু কমার্শিয়াল দিক থেকে ওই মুভি ভালো বলে মনে হয় না। ভারতে অনেক বড় মার্কেট হওয়ায় হয়তো এটাতেও বিজনেস হয়েছে। তবে আমাদের দেশে বায়োপিক বানালে কমার্শিয়ালই বানানো লাগবে।’
