এবার গায়ক ইলিয়াসের সঙ্গে প্রেমে মজেছেন সুবাহ!

বিনোদন ডেস্ক- ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেম ছিল মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার; এ কথা কম-বেশি সকলেরই জানা। সুবাহ নিজেই ২০১৮ সালে এক ভিডিওবার্তার মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপর এ নিয়ে নানা বিতর্ক, সমালোচনা হয়েছে।

 

নাসির হোসেন নতুন করে ঘর বেঁধেছেন। গত ভালোবাসা দিবসে তামিমা তাম্মি নামের এক নারীকে বিয়ে করেন তিনি। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, নাসিরকে ভুলে সুবাহও নতুন সম্পর্কে জড়িয়েছেন। অবশ্য ইঙ্গিতটা এসেছে সুবাহর কাছ থেকেই।

 

গত নভেম্বরে ফেসবুকে সুবাহ লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি প্রেমে পড়েছি। নতুন এবং গভীরভাবে। খুব শিগগিরই আমি তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, ইনশাআল্লাহ।’

 

এরপর থেকেই কানাঘুষা চলছিল, কার সঙ্গে মনের লেনাদেনা করলেন সুবাহ। বেশ কিছু দিন ধরে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে তাকে। অনেকের ধারণা, নতুন করে গায়কের প্রেমে মজেছেন নবাগত এ অভিনেত্রী!

 

সবশেষ নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সুবাহ। লিখেছেন, ‘একজন ভালো বন্ধু ভালো মনের পুরুষ। সে ভবিষ্যতে, ভালো প্রেমিক, ভালো জামাই, ভালো বাবা হতে পারে। কিন্তু সবার আগে ভালো বন্ধু হওয়া জরুরি। বোঝাপড়া না থাকলে কোনো সম্পর্কই টিকে না।’

 

একই লেখা লিখেছেন ইলিয়াসের সঙ্গে শেয়ার করা বিজয় দিবসের ছবিতে। এসব বিষয়ে জানতে চাইলে সুবাহ বলেন, ‘বন্ধু আমরা’। শুধুই বন্ধু? উত্তরে তিনি বলেন, ‘হুম’। লোকে যে বলে প্রেম করছেন? জানতে চাইলে সুবাহ বলেন, ‘লোকে তো অনেক কিছুই বলে।’ নবাগত অভিনেত্রী আরও বলেন, ‘প্রেম করব না, করছি না। প্রেমের চ্যাপ্টার ক্লোজ। তবে ফ্যামিলি চাইলে সেটা শেষ পর্যন্ত গড়াতে পারে।’

 

এর আগে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দেশীয় একটি সংবাদমাধ্যমকে ইলিয়াস বলেছিলেন, ‘ওর (সুবাহ) সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের। আমরা দুজন খুব ভালো বন্ধু। দুজনের বোঝাপোড়াটাও ভালো। মহান বিজয় দিবস উপলক্ষে আমরা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম। সেই ছবি সুবাহ পোস্ট করেছে। আপাতত এর বাইরে আর কোনো সম্পর্ক নেই।’

 

ইলিয়াসের সঙ্গে সুবাহর সম্পর্ক আসলে কী? সেটা সময়ই বলে দেবে। তবে ক্রিকেটার নাসিরের সঙ্গে প্রেমের ইস্যুতে আলোচনায় আসা সুবাহ বর্তমানে মন উঠিয়ে নিয়েছেন ‘প্রেম’ থেকে। তার ভাষায় এটাই পরিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *