Home দেশের খবর ঢাকা মাহফিল মঞ্চে উঠতে পারেনি তারেক মনোয়ার, মুসল্লিদের ক্ষোভ

মাহফিল মঞ্চে উঠতে পারেনি তারেক মনোয়ার, মুসল্লিদের ক্ষোভ

0
223

নজর২৪, গাজীপুর- গাজীপুরের শ্রীপুরে মঞ্চে ওঠার আগেই মাহফিলের সমাপ্তি ঘোষণা করায় বয়ান করতে পারেননি আলোচিত ইসলামি বক্তা আল্লামা তারেক মনোয়ার। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর দূর্লভপুর গ্রামে ওই মাহফিল ছিল।

 

জানা যায়, দূর্লভপুর মধ্যপাড়া বায়তুল ঈমান জামে মসজিদ ও তা্হফিজুল কোরআন মহিলা মাদরাসার আয়োজনে ৫ম বার্ষিকী ইসলামী মহা সম্মেলনে প্রধান বক্তা ছিলেন তারেক মনোয়ার। তিনি মাহফিলে আসবেন জেনে শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই হাজার হাজার মুসল্লির ঢল নামে। সকাল থেকেই দূর-দুরান্ত থেকে মানুষ এসে মাহফিল এলাকায় জমায়েত হতে থাকেন। প্রধান বক্তা তারেক মনোয়ার স্টেজে ওঠার আগেই মাহফিলের সমাপ্তি ঘোষণা করে আয়োজক কমিটি। এতে ক্ষোভে ফেটে পড়েন দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত শ্রোতা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারো মানুষের উপস্থিতিতেই মাঝখানে মাহফিল সমাপ্তির ঘোষণা আসলে ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশের উপস্থিতির খবর পেয়ে যার যার বাড়ি চলে গেলে মাহফিলের স্থান জনশূন্য হয়ে যায়।

 

দূর্লভপুর মধ্যপাড়া বায়তুল ঈমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানান, তারেক মনোয়ারের বয়ানের আগেই প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে, মাহফিলে তারেক মনোয়ার বয়ান করতে পারবেন না। তাই আজকের মতো মাহফিল শেষ করে দেন।

 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নাজমুল আকন্দ রনি বলেন, শ্রীপুর থানা থেকে ফোন দিয়ে মাহফিলের বিষয়ে খোঁজ খবর নেয়ার পর মাহফিলের সমাপ্তি ঘটে।

 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি অপারেশন) গোলাম সারোয়ার বলেন, তারেক মনোয়ার বিতর্কিত বক্তা হওয়ায় এবং প্রশাসনের অনুমতি না নিয়ে মাহফিলের আয়োজন করায় তাদেরকে সতর্ক করা হয়েছে। মাহফিল বন্ধ করে দেয়া হয়নি।

 

তিনি আরও বলেন, শান্তিপুর্ণ ও ধর্মীয় আলোচনায় শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সবসময়ই সহয়তা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here