Home ফিচার শপথ অনুষ্ঠানে ‘মুজিববর্ষ’ বানান ভুল, কর্তৃপক্ষের ব্যাখ্যা

শপথ অনুষ্ঠানে ‘মুজিববর্ষ’ বানান ভুল, কর্তৃপক্ষের ব্যাখ্যা

0
126

নজর২৪ ডেস্ক- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ নিয়েছে সারা দেশের মানুষ।

 

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার পর দেশবাসীকে শপথবাক্য পড়ান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

 

প্রধানমন্ত্রী যে ডায়াসে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করান, সেখানে ‘মুজিববর্ষ’ লেখায় ছিল ভুল। ‘সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ’-এর পরিবর্তে লেখা ছিল ‘সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শপথ’, অর্থাৎ একটি ‘ব’ সেখানে নেই।

 

এ নিয়ে তাৎক্ষণিক সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সংবাদমাধ্যমকর্মী জায়েদুল আহসান পিন্টু ফেসবুকে লিখেছেন, “সব ভুল ভুল না। কোনো কোনো ভুল শাস্তিযোগ্য। ‘মুজিববর্ষ’ লিখতে অবহেলা করায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির দায়িত্বপ্রাপ্তদের শাস্তি হওয়া উচিত।”

 

এদিকে শপথবাক্য পাঠ মঞ্চের ডায়াসের লেখায় যে ভুল বানান ছিল তার ব্যাখ্যা দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

 

কমিটির মিডিয়া কনসালট্যান্ট আসিফ কবির ঘটনাটিকে যান্ত্রিক ত্রুটি বলে গণমাধ্যমে দাবি করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, বোর্ডটা এলইডিতে করা। যান্ত্রিক ত্রুটির জন্য একটি ‘ব’ ফুটে ওঠেনি। আয়োজকদের দৃষ্টিতে আসার পরপরই অনুষ্ঠানের বিরতির সময়ে এই ত্রুটি দূর করা হয়েছে।

 

ব্যাখ্যায় বলা হয়েছে, ‘আমরা একটি চিপ-এ পিসি থেকে ট্রান্সফার করে লেখাটি উৎকীর্ণ করেছি। ডিভাইস ট্রান্সফারের একপর্যায়ে একটি ‘ব’ অক্ষর অমিট হয়ে গেছে। আমরা পিসিতে চেক করে দেখেছি এটা ঠিকই আছে। অ্যাডভান্স টেকনোলজির বিষয়টি হয়ত স্যুট করেনি। এলইডিতে পরিস্ফুটন করে লেখাটি তোলা হয়েছে। পোডিয়ামের মনিটরেই আমরা ত্রুটিপূর্ণ বানান দেখতে পাই। এমন প্রাযুক্তিক গোলমালের বিষয়টি দৃষ্টিতে আসার পরপরই নামাজের বিরতিতে মাধ্যমটি পরিবর্তন করে ত্রুটি ঠিক করা হয়। অর্থাৎ প্রথমে এলইডিতে পরে ম্যানুয়ালি উৎকীর্ণ করা প্লেট প্রতিস্থাপন করা হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here