বিনোদন ডেস্ক- এক এক করে স্বাধীন বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে পরাজয় স্বীকার করে নেয়। সেই সঙ্গে বাংলার আকাশে উদিত হয় বিজয়ের রক্তিম সূর্য।
আজ বিজয়ের সুবর্ণজয়ন্তী। প্রতিটি বাঙালির মনে এই দিনটি বিশেষ অনুভূতির, ভালোলাগার। তারকাদের ক্ষেত্রেও বিষয়টি একইরকম। লাল সবুজের দেশের নাগরিক হিসেবে, বাঙালি হিসেবে তাদের মনকেও বিজয়ের আনন্দ সমানভাবে আন্দোলিত করে।
বিজয় দিবস উপলক্ষে ভক্ত-অনুসারীদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের তারকারা। এদিন লিখেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও।
বিজয় দিবসের সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া জানিয়েছেন তার ভাবনা এবং বীর শহীদদের প্রতি জানিয়েছেন শ্রদ্ধা।
জয়া লিখেছেন, ‘আজ বিজয়ের সুবর্ণজয়ন্তী। অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক আত্মদানে আমাদের এই বাংলাদেশ। মুক্তির যুদ্ধে তাদের স্বপ্ন হয়ে থাকুক আমাদের ধ্রুবতারা।’
লেখার সঙ্গে দুটি ছবিও পোস্ট করেছেন এ অভিনেত্রী। যার একটি বাংলাদেশের পতাকা। আর অন্য ছবিতে লেখা জয় বাংলা।
দুদিন আগেই জয়ার নতুন সিনেমার ঘোষণা এসেছে কলকাতা থেকে। বঙ্গভঙ্গের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হতে যাওয়া সিনেমাটির নাম কালান্তর: বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ। সিনেমাটিতে এক নারী বিপ্লবীর চরিত্রে অভিনয় করবেন জয়া। চলতি মাসেই শুরু হবে শুটিং।
