ডা. মুরাদসহ দু’জনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলার আবেদন

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরে সাবেক আলোচিত তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনাল আদালতে মামলার আবেদন করা হয়েছে।

 

বুধবার বিকালে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলার আবেদন করেন রংপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. হানিফ মিয়া। মামলার অপর আসামি হলেন মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল। তিনি একজন ডিজিটাল মিডিয়া উপস্থাপক।

 

মামলার আর্জিতে উল্লেখ করা হয়, গত ১ ডিসেম্বর নাহিদ হেলাল মামলার ১ নম্বর আসামি ডা. মুরাদ হাসানের সাক্ষাতকার গ্রহণ করেন। যা পরবর্তীতে তার ভেরিফাইড ফেসবুক পেইজে প্রচার ও প্রকাশ করা হয়। সাক্ষাৎকার প্রদানকালে ডা. মুরাদ জিয়া পরিবার ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী এবং যে কোন নারীর জন্য মর্যাদাহানীকর ভাষা ব্যবহার করেন।

 

সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং উপস্থাপক হিসেবে আসামির নিলর্জ্জ, অশালীন মিথ্যাচার ও নারীর প্রতি অবমাননামূলক বক্তব্য মূহুর্ত্তেই ফেসবুকের মাধ্যমে সারা পৃখিবীতে ছড়িয়ে পড়ে। যা ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫/২৯/৩১ ধারায় অপরাধ। বিধান অনুয়ায়ী অপরাধ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশসহ স্বাক্ষ্য-প্রমান গ্রহণে সুবিচারের আবেদন জানানো হয়। এই মামলায় ৬ জন জাতীয়তাবাদী আইনজীবীকে সাক্ষী করা হয়েছে।

 

বাদিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সফি কামাল জানান, মামলার আবেদনটি শুনানীর জন্য রয়েছে। শুনানী শেষে বিচারক পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *