বিনোদন ডেস্ক- তারকাদের বিয়ে মানেই নজরকাড়া ডিজাইনার পোশাক। মেহেদী, সঙ্গীত, বাগদান, বিয়ে, রিসিপশন প্রতিটি অনুষ্ঠানের জন্যই আলাদা আলাদা পোশাক। আর বলিউডের কোনো তারকার বিয়ে মানেই ডাক পড়ে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির। আনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর থেকে প্রিয়াঙ্কা চোপড়া, পত্রলেখা সবার বিয়েতেই বর-কনের পোশাক ডিজাইন করেছেন তিনি। ভিকি-ক্যাটরিনার বিয়েতেও তার ভিন্ন হয়নি।
ক্যাটরিনা কাইফের বিয়ের পোশাক কোথায় অন্য তারকাদের থেকে আলাদা? জানতে চেয়েছিলেন ভক্তরা। সেই কৌতূহল মিটিয়েছেন সব্যসাচী। এই অভিনেত্রীর বিয়ের পোশাক তৈরির নেপথ্যের কাহিনী শোনালেন তিনি।
সব্যসাচী মুখার্জি জানান, প্রায় ১৮০০ ঘণ্টা ধরে ক্যাটরিনার বিয়ের একটি পোশাক জিজাইন করা হয়েছে। এর পেছনে কাজ করেছেন ৪০ জন বাঙালি কারিগর। মসলিন কাপড়ের তৈরি সেই শাড়ির পুরো সুতোর কাজটাই হাতে করা। বুনেছেন বাংলার শিল্পীরাই
শাড়ির সঙ্গে মানানসই হিরার গয়নাও সব্যসাচীর তৈরি করা। উল্লেখ্য, বাংলার তন্তুবায়ীদের খ্যাতি জগৎজোড়া। এমনকি বাংলার রকমারি তাঁত-মসলিনের খ্যাতিও কম নয়! এবার বলিউড তারকা ক্যাটসুন্দরীর বিয়েতেও সেই ছোঁয়া মিলল ডিজাইনার সব্যসাচীর হাত ধরে।
ক্যাটরিনার মা সুজান ব্রিটিশ। অন্যদিকে বাবা মোহাম্মদ কাইফ ছিলেন ভারতীয় বংশোদ্ভূত। ক্যাটরিনা যখন খুব ছোট, তখন তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। মা একা হাতে বড় করেছেন ক্যাটরিনাকে। তাই বিয়ের বিভিন্ন আয়োজনের একটিতে মাকে উৎসর্গ করে এই পোশাক পরেছেন তিনি। পুরো শাড়িতে হাতে সেলাই করা নানান ব্রিটিশ ফুল। এদিন ক্যাটরিনার হাতেও ছিল ব্রিটিশ ফুলের তোড়া। শাড়ি, হাতাওয়ালা ব্লাউজ আর ওড়না বানাতে ৪০ জন কারিগরের ১ হাজার ৮০০ ঘণ্টা সময় লেগেছে।
এদিকে এদিন বর, বলিউড তারকা ভিকি কৌশনের পরনে ছিল সিল্কের শেরওয়ানি। আর ম্যাচিং করা চুড়িদার। এই শেরওয়ানির কাপড়টি বেঙ্গালুরু থেকে বিশেষভাবে অর্ডার করে বানানো, আনানো। আর শেরওয়ানির বোতামে ছিল সব্যসাচীর ‘সিগনেচার স্টাইল’ স্বর্ণখচিত রয়েল বেঙ্গল টাইগারের মিনিয়েচার।
প্রি-ওয়েডিংয়ের এই ছবিগুলো তুলেছেন ফ্যাশন ও পোর্ট্রেট আলোকচিত্রী এরিকস এন্ড্রু। ক্যাটরিনা কীভাবে সাজবেন, তার নির্দেশনা দিয়েছেন স্টাইলিস্ট আনিতা শ্রফ আদজানিয়া। ভিকি কৌশলকে সাজিয়েছেন আমান কৌর। দুজনের কেশসজ্জা করেছেন আমান কৌর। দুজনের মেকআপ করেছেন ড্যানিয়েল বাউয়ার। আর বিয়ের সব পরিকল্পনা ও আয়োজন করেছে শাদি স্কোয়াড।
