বিনোদন ডেস্ক- বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে এলেন বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মঙ্গলবার হানিমুন সেরে মুম্বাইয়ে ফিরেছেন এই তারকা জুটি।
ভিকি-ক্যাটের অপেক্ষায় আগে থেকেই মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে অবস্থান নিয়েছিলেন ভক্ত ও ফটোগ্রাফারা। তবে এদিন কোনো লুকোচুরি করেননি ভিকি-ক্যাট। সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বিয়ে নিয়ে যতই লুকোছাপা করুন না কেন, এদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ হাসিমুখে পোজ দিলেন দুজন। হাত নেড়ে উপস্থিত জনতা ও পাপারাজ্জিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। সারাক্ষণ বরের হাত শক্ত করে ধরে থাকলেন ক্যাটরিনা।
এদিন নতুন বউয়ের সাজেই দেখা মিলেছে ক্যাটরিনার। পরনে গোলাপি-সোনালি রঙের সালোয়ার কামিজ, হাতভর্তি চুড়ি-শাঁখা ও মাথায় চওড়া লাল সিঁদুরে দেখা গেল নববধূকে। আর ভিকি পরেছিলেন অফ-হোয়াইট শার্ট-প্যান্ট।
গত ৯ই ডিসেম্বর রাজস্থানে বিয়ে সারেন এ জুটি। পরদিন হানিমুনের উদ্দেশে উড়ে যান নবদম্পতি। তবে কোথায় হানিমুন সারলেন দুজনে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মালদ্বীপের এক প্রাইভেট দ্বীপে নাকি গিয়েছিলেন এ যুগল।
বিয়ের আয়োজন এখনও শেষ হয়নি। মুম্বাইয়ে ফিরলেন, এবার রিসেপশনের আয়োজনে মন দেবেন তাঁরা। জানা গেছে, বিয়ের আয়োজনের মতোই বড় পরিসরে হবে ভিকি-ক্যাটের রিসেপশন।
মঙ্গলবার এয়ারপোর্ট থেকে সোজা ভিকির বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন দুজন।
