সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: তিনজন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে রংপুর সিটি প্রেসক্লাব। সোমবার দুপুরে সিটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
এবারে রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অপিল উদ্দিন আহমেদ, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু ও গেরিলা যোদ্ধা বীরমুক্তিযোদ্ধা জহির উদ্দিন মো. জাহাঙ্গীরকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। সিটি প্রেসক্লাব, রংপুরের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে ও কার্যকরী সদস্য জুয়েল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক। এসময় সম্মাননাপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধাগণ বলেন, দেশকে ভালোবাসতে হবে। ভালোবাসা থাকলেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহবান জানিয়ে তারা বলেন, দেশের প্রতি প্রতিজ্ঞা থেকে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল প্রয়াত মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে যন্ত্র সংগীতের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করেন বিটিভি রংপুর প্রতিনিধি আহসান হাবিব।
