বিনোদন ডেস্ক- বাংলাদেশ ও কলকাতা দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। রূপালি পর্দার ন্যায় সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। ফেসবুক ও ইনস্টাগ্রামে ভক্তদের নিজের খোঁজখবর দিয়ে থাকেন জয়া। বেশিরভাগ ক্ষেত্রে নিজের ছবি প্রকাশ করেন।
নেটদুনিয়ায় ক’দিন ধরেই গুঞ্জন, বিয়ে করছেন জয়া আহসান। মূলত, ইনস্টাগ্রাম ও ফেসবুক এই দুটি প্ল্যাটফর্ম থেকেই ঘটনার সূত্রপাত। আর জয়ার স্টোরিতেও পাওয়া গেছে, অনামিকায় আংটিসহ ছবি। যে আংটিটি জয়ার বেশ ক’টি ছবিতে পরতে দেখা গেছে।
একটি সূত্র বলছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জয়া। তবে অন্য আরেকজন জানালেন, গত ১০ ডিসেম্বর অভিনেত্রীর নিউ ইস্কাটনের বাসা সেজেছিল ভিন্ন সাজে। হয়েছে বিয়ের অনুষ্ঠান। তাহলে কি গত শুক্রবারেই বিয়ে করলেন দুই বাংলার বহু দর্শকের হৃদকম্প জয়া?
জয়া আহসানের এক ঘনিষ্ঠজন বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘শুক্রবার (১০ ডিসেম্বর) বিয়ের আয়োজন করা হয়েছিল। যেখানে দুই পরিবারের লোকজন এসেছিলেন। অতিথিদের বেশিরভাগই এসেছেন লন্ডন থেকে। বেশ গোপনীয়তার সঙ্গেই ‘কান্তা’র বিয়েটি সম্পন্ন হয়েছে।’’
হ্যাঁ, বিয়ে করেছেন জয়া আহসানের ছোট বোন কান্তা মাসউদ। বর লন্ডন প্রবাসী। আর সেটির আয়োজনই বেশ সুচারুভাবে ডিসেম্বর থেকে চলেছে তাদের বাসায়। এরপর ১০ ডিসেম্বর শুভ কাজটি সম্পন্ন হয়।
এদিকে, বিষয়টি নিয়ে জয়া আহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
