Home জাতীয় সংগঠন শক্তিশালী না হলে কোনো আন্দোলনই সফল হবে না: ফখরুল

সংগঠন শক্তিশালী না হলে কোনো আন্দোলনই সফল হবে না: ফখরুল

0
265

নজর২৪, ঢাকা- দুর্বাব গণআন্দোলনের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে চিকিৎসার জন্য বাইরে পাঠাতে পারবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, যেকোনো আন্দোলন সফল করতে হলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আপনার সংগঠন শক্তিশালী থাকলে সব আন্দোলনকে সফল করতে পারবেন। আর সংগঠন শক্তিশালী না হলে কোনো আন্দোলনই সফল হবে না।

 

রোববার (১২ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

খালেদা জিয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এখন জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বাইরে থাকলে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য জাগিয়ে তুলতেন। সরকার তা ভয় পায়।

 

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসকরা বলছেন, তার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন। কেন প্রয়োজন, কারণ এখানে সেই চিকিৎসাটা নেই, যেটা দিলে তিনি সুস্থ হবেন। অর্থাৎ তার চিকিৎসা বাইরে ছাড়া হবে না। কিন্তু সরকার সেটা করতে দিচ্ছে না। তারা চাচ্ছে না তিনি দেশের বাইরে চিকিৎসা করুক। এখন পর্যন্ত তারা সেই দিকে কর্ণপাতই করেনি।

 

মির্জা ফখরুল বলেন, উল্টো সরকার শিষ্টাচার বিবর্জিত বহু কথা বলছে খালেদা জিয়াকে নিয়ে। আমরা মনে করি দেশনেত্রীকে তার সুচিকিৎসা পাওয়ার জন্য, তাকে বিদেশে পাঠানোর জন্য শুধু কথায় হবে না বা আমরা যে আন্দোলন শুরু করেছি তার গতি প্রকৃতিকে আরও কঠোর করতে হবে। আরও দুর্বার করতে হবে।

 

র‍্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে দেশের জন্য লজ্জার উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, দুর্ভাগ্য, আওয়ামী লীগ এই অবস্থা তৈরি করেছে। ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here