বিনোদন ডেস্ক- টানা ৩৫দিন শুটিংয়ের মাধ্যমে এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমার শুটিং শেষ হয়েছে গত ৬ নভেম্বর। এরই মধ্যে শেষ হয়েছে সম্পাদনার কাজও। শিল্পীদের প্রায় সবাই ডাবিং শেষ করেছেন, বাকি ছিল কেবল শাকিব খানের ডাবিং। যুক্তরাষ্ট্রে ছিলেন বলে ডাবিংয়ে অংশ নিতে পারেননি তিনি।
গত বৃহস্পতিবার পরিচালক এস এ হক অলিক যুক্তরাষ্ট্রে ছুটে গেলেন নায়কের কাছে। সেখানেই চলছে ‘গলুই’ ছবির শাকিব খানের ডাবিং।
‘গলুই’–এর শুটিং শেষ করে ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। ১৪ নভেম্বর সেখানে অংশ নেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে। এর মধ্যে নিউইয়র্ক থেকে নতুন ছবি নির্মাণের ঘোষণা দেন এই অভিনেতা। ছবির শুটিংও হবে সেখানে। এ কারণে আপাতত ঢাকায় ফিরছেন না তিনি।
যে কারণে ‘গলুই’ ছবির ডাবিং আটকে যায়। অথচ ডিসেম্বর মাসে ‘গলুই’ মুক্তির পরিকল্পনা ছিল প্রযোজকের। মুক্তির সময় ধরতে তাই শাকিব খানের ডাবিং যুক্তরাষ্ট্র গিয়ে করিয়ে আনছেন পরিচালক এস এ হক অলিক। নিউইয়র্কের একটি স্টুডিওতে ডাবিংয়ের সময় তোলা ছবি পাঠিয়ে সে ঘটনা নিশ্চিত করেন পরিচালক।
এস এ হক অলিক জানান, দুটি কারণে তাড়াহুড়ো করে ছবির ডাবিং শেষ করতে হচ্ছে। তিনি বলেন, ‘প্রথমত, এই বছরই “গলুই” মুক্তির পরিকল্পনা রয়েছে। শাকিব খান ছাড়া অন্য সব শিল্পীর ডাবিং শেষ। যুক্তরাষ্ট্র থেকে আগেই চলে আসার কথা ছিল তাঁর। কিন্তু আসতে পারছেন না। তাই সেখানে গিয়ে ডাবিং করিয়ে আনতে হচ্ছে।
দ্বিতীয়ত, “যোদ্ধা” নামে আমার পরের ছবির কাজ জানুয়ারিতে শুরু হবে। তাই হাতের কাজ শেষ করে ফ্রি হতে চাচ্ছি।’ তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে, দু–তিন দিনেই শাকিবের ডাবিং শেষ হয়ে যাবে। কাজ শেষ করে ১৫ ডিসেম্বর দেশে ফেরার কথা আছে এই পরিচালকের।
তাহলে ‘গলুই’ কবে মুক্তি পাবে? অলিক বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসেই ইমন সাহা ছবির আবহ সংগীতের কাজ করছেন। শাকিবের ডাবিং শেষে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেব। সেন্সর সনদ পাওয়ার ওপর নির্ভর করছে ছবির মুক্তি।
তবে প্রযোজক চান এ বছরই ছবি মুক্তি দিতে।’
পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের সিনেমা ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। প্রযোজক খোরশেদ আলম খসরু সিনেমাটি প্রযোজনা করছেন।
তিনি গণমাধ্যমকে জানান, সরকারি অনুদান ৬০ লাখ পেলেও গলুইয়ের বাজেট দুই কোটির কাছাকাছি। বাকি টাকা তিনি লগ্নী করে বড় আয়োজনে সিনেমাটির কাজ শেষ করছেন।
শাকিব খান ও পূজা চেরী ছাড়াও গলুই সিনেমায় আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।
