শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় তিন লক্ষ টাকার ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শরণখোলা থানা পুলিশ। (১১ ডিসেম্বর)শনিবার সকালে শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের মাদক ব্যবসায়ী ছাল্লু হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করেছে পুলিশ।
পুলিশ জানান, এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রি করা নগদ ৬ হাজার ১৮০ টাকা, মাদক পরিমাপের জন্য ব্যবহৃত ডিজিটাল মিটার, ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটককৃতরা হলেন, শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের মোঃ তফছের হাওলাদারের ছেলে মোঃ ছগির ওরফে ছাল্লু হাওলাদার (৩২),মৃত সামছুল হক হাওলাদারের ছেলে মোঃ তফছের হাওলাদার (৬০)।
একই উপজেলার ২নং খোন্তাকাটা ইউনিয়নের ভারানি পাড় গ্রামের মোঃ নাসির হাওলাদারের ছেলে মোঃ নাইম হাওলাদার (১৮), চালিতাবুনিয়া গ্রামের মোঃ আউয়াল শেখের ছেলে মোঃ রেজা শেখ, ঢাকার সবুজবাগ থানার মায়াকানন এলাকার মোঃ শাহীন আহম্মেদের ছেলে মোঃ ইয়াসিন রাব্বি (১৬)।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
