সেই ছোট্ট দীঘিই এবার বাপ্পি চৌধুরীর নায়িকা

বিনোদন ডেস্ক- একসময় বিজ্ঞাপন বা বড় পর্দায় শিশুশিল্পীর ভূমিকায় দীঘির অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। একের পর এক অভিনয়ে জানান দিচ্ছিল, নায়িকা হওয়াটা শুধু সময়ের ব্যাপার। এরপর শাকিব খানের নায়িকা হিসেবেও তার নাম জড়িয়েছিল। তবে সেটা হয়নি। চলতি বছর নবাগত শান্তর সঙ্গে পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে চমকে দেন দীঘি।

 

এবার দিলেন আরেক সুখবর। ঢাকাই ছবিতে নতুন জুটি হতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও দীঘি। গতকাল (১৭ অক্টোবর) চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ছবিটির নাম ‘তুমি আছো তুমি নেই’। পরিচালনা করবেন দেলোয়ার জাহান ঝন্টু।

 

জানা যায়, এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে নতুন এই ছবিটির শুটিং শুরু হবে নভেম্বরের মাঝামাঝি থেকে। পর্দায় আসবে ২০২১ সালে।

 

বিষয়টি নিয়ে দীঘি বলেন, ‘‘মাত্রই একটি পুরো ছবির কাজ শেষ করলাম। এটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। তাই এখন আপাতত বিশ্রামে আছি। কয়েক দিনের মধ্যে আবার ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। এর মধ্যেই ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি ভালো কিছু হবে।’’

 

এদিকে বাপ্পি চৌধুরী ব্যস্ত রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক আশরাফ শিশিরের নতুন ছবি ‘৫৭০’ এর শুটিং নিয়ে। নতুন ছবিতে চুক্তিবদ্ধ ও বিপরীতে দীঘি প্রসঙ্গে বাপ্পি বলেন, ছবিটির গল্পের প্রয়োজনেই নির্মাতা ও প্রযোজক আমাকে আর দীঘিকে চুক্তিবদ্ধ করেছেন। আশা করি আমাদের নতুন এই জার্নি দারুন কিছুই হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *