Home দেশের খবর চট্টগ্রাম আইন আইনের গতিতে চলবে, বিএনপির গতিতে নয় : আইনমন্ত্রী

আইন আইনের গতিতে চলবে, বিএনপির গতিতে নয় : আইনমন্ত্রী

0
243
anisul n2

নজর২৪, ব্রাহ্মণবাড়িয়া- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ গমন প্রসঙ্গে বলেছেন, ‘আইন আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে চলবে না, বিএনপির গতিতে চলবে না। আইনের বইয়ে আইন যেভাবে চলে, সেভাবে চলবে।’

 

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে তিনি এ কথা বলেন।

 

পৌর আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে তার পরিবারের ১৭ জনসহ নৃশংসভাবে হ ত্যা করা হয়েছিল। এ সত্য জানার পরও খালেদা জিয়া মিথ্যা জন্মদিন সাজিয়ে কেক কাটেন।’

 

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২টি শর্তে সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেন। একটি হচ্ছে তিনি বিদেশ যেতে পারবেন না এবং অপরটি হচ্ছে তিনি বাসায় থেকে চিকিৎসা করবেন।’

 

‘আমরা তো বলি নাই তিনি হাসপাতালে যেতে পারবেন না,’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘মনে রাখবেন মানবিকতা আন্দোলনের মাধ্যমে অর্জন করা যায় না।’

 

তার মতে, ‘আইন আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে চলবে না, বিএনপির গতিতে চলবে না।‌ আইনের বইয়ে আইন যেভাবে চলে, ঠিক সেভাবে চলবে।’

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here