বিনোদন ডেস্ক- ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে বেশ জনপ্রিয়। তার রয়েছে বিশাল ফ্যান-ফলোয়ার। এবার তার পরিচিতি ঘটল শোবিজ পাড়ায়।
পড়াশোনার পাশাপাশি সম্প্রতি মডেল দুনিয়ায় পা রেখেছেন সারা। ভারতের এক নামী ফ্যাশন হাউজে মডেল হয়েছেন তিনি। সেইসঙ্গে ওই হাউজের ওয়য়েবসাইটের বিজ্ঞাপনেও মডেল হয়েছেন শচীনকন্যা।
তবে সারা একা নন। বিজ্ঞাপনে আরও দুই তরুণীকে দেখা গেছে তার সঙ্গে। অন্য দুইজন হলেন- জয়দেব ও রুমিলা শ্রফের কন্যা তানিয়া, ‘অক্টোবর’ ও ‘সর্দার উধম’ খ্যাত মডেল ও অভিনেত্রী বনিতা সান্ধু। এরই মধ্যে বিজ্ঞাপনটি বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।
দীর্ঘদিন ধরেই সারার বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ নিয়ে জল্পনা চলছিল। অনেকেরই ধারণা ছিল, লন্ডনে পড়াশোনা শেষে হয়তো তিনি পা রাখবেন বলিউডে। এর আগেই বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে দেখা গেছে সারাকে। তবে এবারের বিজ্ঞাপনে সারা যেন তাক লাগিয়ে দিয়েছেন। প্রথমবার বিজ্ঞাপনে কাজ করলেও, তিনি ভীষণ সাবলীল দেখা গেছে তাকে।
হলুদ রঙের পোশাকে সারাকে দেখে মুগ্ধ অনেকেই। সারার ফ্যাশন সেন্স ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ফ্যাশন দুনিয়ার সমালোচকদের কাছে।
বিদেশ হোক বা দেশের অভ্যন্তরে কোনও বিগ ফ্যাট পার্টি, সচিন কন্যার সাজ ‘টক অফ দ্য টাউন’ হয়েছে বহুবার। তার স্নিগ্ধ সৌন্দর্য মুগ্ধ করেছে অনেককেই। পেশাদার জীবনে পা রাখার আগে থেকেই সারার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ।
ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই পছন্দ করেছেন ৯০ হাজারের বেশি মানুষ। সারার প্রথম বিজ্ঞাপনের পারফরমেন্স দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অনেক ফলোয়ার। তবে শেষপর্যন্ত মডেলিংকেই সারা পেশা হিসেবে বেছে নেবেন কি না, তা নিয়েও প্রশ্ন জেগেছে অনেকের মনে।
