বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন বাবর

স্পোর্টস আপডেট ডেস্ক- টি-টোয়েন্টি সিরিজের আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বাংলাদেশিদের সমর্থনের কথা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। দ্বিতীয় টি-টোয়েন্টির পর ফকর জামান জানান, তিনি বুঝতেই পারছেন না বাংলাদেশ নাকি পাকিস্তানে খেলা হচ্ছে। মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানি সমর্থকের পরিমাণ দেখে চমকে গিয়েছিলেন তারা।

 

চমকে যাওয়ার কারণও ছিল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশি সমর্থকের পাশাপাশি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা মেলে পাকিস্তানি সমর্থকদেরও। পাকিস্তানের হয়ে গলা ফাটান অনেক বাংলাদেশি। কেউ কেউ গ্যালারিতে হাজির হন পাকিস্তানের পতাকা নিয়েও।

 

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছ থেকে এমন সমর্থন পেয়ে আনন্দিত বাবর। পাকিস্তানি অধিনায়ক সিরিজ শেষে কৃতজ্ঞতা জানালেন। তিনি বলেন, ‘দর্শকরা টি-টোয়েন্টিতে ও টেস্ট ম্যাচে যেভাবে আমাদের সমর্থন করেছে, সেটা খুবই উপভোগ্য ছিল। এখানে আগেও ক্রিকেট খেলেছি। এখানকার লোকজন আমাদের খুবই ভালোবাসে, সমর্থন করে। সে জন্য সবাইকে ধন্যবাদ।’

 

৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে পাকিস্তান। সিরিজ হারলেও সংক্ষিপ্ততম ফরম্যাটে লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সে লড়াইয়ের ছিটেফোটাও ছিল না। মিরপুরে টেস্টে তো আড়াই দিন খেলা না হওয়ায় পরও ম্যাচ বাঁচাতে পারেননি মুমিনুল-সাকিবরা। ইনিংস ও ৮ রানে হেরেছে বাংলাদেশ।

 

টেস্টে আরও বেশি দাপুটে ক্রিকেট খেলেছে পাকিস্তান। কোন পরিকল্পনায় এই সফলতা, সেটা জানালেন বাবর। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘সবাইকে তাদের দায়িত্বটা পরিস্কার করে বুঝিয়ে দেওয়া হয়। আত্মবিশ্বাস দেওয়া হয়, সবাই যেন চেষ্টা করে, সেই তাড়না থাকে। যেভাবে দলের সবাই বিশ্বকাপে, টি-টোয়েন্টি সিরিজে খেলেছে, সেটাই আমাদের এগিয়ে নেবে। অধিনায়ক হিসেবে আমি গর্বিত যে আমার কাছে এতো ভালো একটা দল আছে।’

 

জয়ের পেছনে ছুটলে ফল হাতে এসে ধরা দেবে বলে মনে করেন বাবর। তার ভাষায়, ‘আমরা দুটি সিরিজই জিতেছি। আজ যেভাবে টেস্ট জিতেছি, সেটা দারুণ ছিল। যখন আপনি জয়ের পেছনে ছুটবেন, তখন ফল আপনার হাতে এসে ধরা দেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *