সুখী দাম্পত্যের রহস্য ফাঁস করলেন নায়ক নাঈম

বিনোদন ডেস্ক- নব্বই দশকে যারা সিনেমার দর্শক ছিলেন, কিংবা পরবর্তীতে যারা ওই সময়ের সিনেমাগুলো দেখেছেন, তাদের সবার কাছেই প্রিয় এক জুটি নাঈম ও শাবনাজ। ঢাকাই সিনেমার অন্যতম মিষ্টি ও সফল জুটি তারা। খুব বেশি দিন অভিনয় না করলেও দর্শকদের হৃদয়ে ভালোবাসাময় একটি জায়গা দখল করেছেন এই তারকাদ্বয়।

 

একসঙ্গে কাজের সুবাদে নায়ক নাঈম ও নায়িকা শাবনাজের মধ্যে সখ্য গড়ে ওঠে। সেই সম্পর্ককে তারা পূর্নতা দেন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন দু’জন। দেখতে দেখতে পার হয়ে গেছে এ দম্পতির ২৭ বছর।

 

সাধারণ মানুষের অভিযোগ, তারকাদের নাকি সংসার টেকে না। কিন্তু এই অভিযোগ খাটে না নাঈম-শাবনাজের ক্ষেত্রে। তারা ভালোবাসা ও বিশ্বাসের শক্তিতে এখনো একসঙ্গে আছেন। সুখে-শান্তিতে বসবাস করছেন।

 

কোন জাদুতে সম্পর্ক এমন সুন্দর রাখেন তারা? সেই রহস্যটাই যেন এবার জানালেন নাঈম। ফেসবুকের একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একান্ত আপন: নাগরিক জীবন বা গ্রামীণ জীবনে ব্যস্ততার কারণে আপনার সবচেয়ে কাছের মানুষ, যিনি আপনার পথ চেয়ে সবসময় বসে থাকেন। আপনার সুখে-দুঃখে সবার আগে ঝাঁপিয়ে পড়ে তাকে সময় দিন। সে সময়টা শুধু একান্ত আপনাদের দু’জনের হউক। সে ভালোবাসার মানুষ হউক বা স্ত্রী হউক তাকে বেশি বেশি করে সময় দিন। দেখবেন জীবন কত সুন্দর কত মধুময়। কারণ তিনিই আপনার বেস্ট ফ্রেন্ড।’

 

এই স্ট্যাটাস পড়ে বোঝাই যাচ্ছে, ভালোবাসার মানুষটিকে সময় ও গুরুত্ব দেয়ার মধ্য দিয়ে সম্পর্ক পোক্ত রেখেছেন নাঈম-শাবনাজ।

 

প্রসঙ্গত, কিছুদিন আগে নাঈম অসুস্থ ছিলেন। গত ৬ নভেম্বর তার বাইপাস সার্জারি হয়েছিল। এখন পুরোপুরি সুস্থ আছেন এ নায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *