রাকিবুল ইসলাম রাফি, রাজবাড়ী প্রতিনিধি: সকলের সহযোগিতায় আগামী ০৫ জানুয়ারী সুন্দর নির্বাচন উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলী।
বুধবার (০৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলা পরিষদে নিজ কক্ষে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে নজর ২৪কে এ কথা বলেন তিনি।
এসময় তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা তাদের বিভিন্ন অভিযোগ যে কোনো মাধ্যমে আমাদেরকে অবগত করলে আমরা তাৎক্ষণিক সেটি বিবেচনায় নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো। একই সাথে প্রার্থী ও সমর্থকদের মধ্যে যদি কোনো প্রকার সহিংসতা, জনমনে ভয়, আতঙ্ক সৃষ্টি থেকে সকলকে বিরত থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনের প্রচার প্রচারণা চালানোর আহবান জানান।
তিনি আরও জানান, সকলের সমন্বিত সহযোগিতায় পাংশা বাসিকে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। যা পাংশার ইতিহাসে কখনো হয়নাই। প্রচারণায় কেউ কোনো আচরণবিধি লঙ্ঘন করলে পার পাবেন না। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা সদস্য মোতায়েন থাকবে।
উল্লেখ্য, আগামী ১৭ ডিসেম্বর দেওয়া হবে প্রতীক বরাদ্দ আর ০৫ জানুয়ারী পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
