মিথিলা বললেন, ‘হ্যাপি সেকেন্ড ইনিংস’

বিনোদন ডেস্ক- গত সোমবার সৃজিত মুখার্জি ও রাফিয়াদ রশিদ মিথিলার দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল। এদিন সোশ্যাল মিডিয়ায় সৃজিতকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন মিথিলা। নিজেদের দাম্পত্য জীবনকে ‘অ্যাডভেঞ্চার’ নাম দিতে চান তিনি।

 

গত বছরও একই দিনে সৃজিতকে শুভেচ্ছা জানিয়েছিলেন মিথিলা। সেই মেমরি শেয়ার করেছেন তিনি। শেয়ারের ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘অ্যান্ড দ্যা অ্যাডভেঞ্চার কনটিনিউস… হ্যাপি সেকেন্ড ইনিংস মিস্টার মুখার্জি। মে উই মেক আ উইনিং টিম।’

 

সৃজিতের আগে বাংলাদেশের সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন মিথিলা। তাঁদের একমাত্র কন্যা সন্তান আয়রা কখনও সৃজিত-মিথিলা, কখনও বা তাহসানের সঙ্গে সময় কাটায়। বেশিরভাগ সময়ই আয়রা মায়ের সঙ্গে থাকে।

 

দিন কয়েক আগে একত্রে একটি পেশাদার কাজ করায় ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন তাহসান-মিথিলা। মিথিলা সে সময় জানান, প্রাপ্তবয়স্ক দুজন মানুষ একসঙ্গে কাজ করতেই পারেন। বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে মানে কখনও একসঙ্গে কাজ করা যাবে না, তা নয়। পাশাপাশি তিনি এবং তাহসান আয়রার বাবা, মা। তাই মেয়ের কথা ভেবেও তাঁরা নিজেদের সম্পর্ক তিক্ত করতে চান না। বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলে তবেই আয়রাকে সুস্থ শৈশব দেওয়া যাবে বলে মনে করেন মিথিলা।

 

বাংলাদেশে থাকলে আয়রা কখনও মায়ের কাছে, কখনও বা বাবার কাছে থাকে। এ নিয়ে তাঁদের পরিবারে কোনও সমস্যা নেই। কিন্তু ব্যক্তিজীবনে ট্রোলিংয়ের শিকার যাতে না হতে হয়, তার অন্যতম পদক্ষেপ হিসেবে তাঁদের সোশ্যাল মিডিয়ার পোস্টে এখন আর সকলের কমেন্ট করার অধিকার নেই।

 

আপাতত আয়রা কলকাতার একটি স্কুলের ছাত্রী। পড়াশোনার স্বার্থে ভবিষ্যতে সে কোথায় থাকবে, সেটাই এখন দেখার। মিথিলা সদ্য ভারতে তাঁর প্রথম ছবির কাজ শেষ করলেন। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ ছবিতে দেখা যাবে মিথিলার অভিনয়। রাজর্ষির এই ছবির বিষয় শেক্সপিয়ারের ম্যাকবেথ। বাংলাদেশে মিথিলার অভিনয় দেখেছেন দর্শক। কিন্তু ওপার বাংলায় এই প্রথম। ফলে মিথিলার জন্যও এই প্রজেক্ট নিঃসন্দেহে খুব স্পেশ্যাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *