রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আসন্ন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ২৬ ডিসেম্বর শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উপলক্ষ্যে শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হচ্ছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল থেকে শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এই প্রতিক বরদ্দ করা হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও উপজেলা শিক্ষা অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রকৌশল অফিস ও পল্লী উন্নয়ন বোর্ড অফিস থেকেও নির্ধারিত ইউনিয়নের প্রতিক বরাদ্দ করা হচ্ছে।
শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণায় প্রচন্ড ভীড় ও উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। কাঙ্খিত প্রতিক পেয়ে অনেকে উপজেলা চত্বরেই শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলছে পরিবেশ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন রকম দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রশাসন বদ্ধ পরিকর। কেউ বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে তাকে কঠোর ভাবে দমন করা হবে। সর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনার কেউ কোন প্রকার হানাহানির মধ্যে যাবেন না কারণ আপনার কিছু হলে ক্ষতি হবে আপনার পরিবারের।
উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, শান্তি ও শৃংখলার মধ্যেই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হচ্ছে। এখন পর্যন্ত কোন অপৃতিকর ঘটনা ঘটেনি।
