বিনোদন ডেস্ক- মিডিয়ায় রটনা আছে, শাকিব খান এড়িয়ে চলেন আরিফিন শুভকে। বিষয়টি স্পষ্টতই সামনে আসে এই দুই তারকার ভক্তকুলের ‘দা-কুমড়ো’ সম্পর্কে। একপক্ষ আরেক পক্ষকে নাজেহাল করতে বেশ পারঙ্গম অন্তর্জালে।
অনেক সময় ‘অ্যান্টি শাকিব’ ভক্তকুলও জোটে আরিফিন শুভর সমর্থকের দলে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের রয়েছে বিস্তর দৌরাত্ম্য।
তবে ৪ ডিসেম্বর আমেরিকার ঢালিউড অ্যাওয়ার্ডসে শাকিব বললেন প্রায় স্বভাববিরুদ্ধ কিছু কথা। করলেন ‘মিশন এক্সট্রিম’ ছবির প্রচারণা। যা নির্মাণে আছে কপ ক্রিয়েশন, অভিনয়ে আরিফিন শুভ।
শাকিব বলেন, ‘এখানে (যুক্তরাষ্ট্রে) একটা ছবি রিলিজ হয়েছে কিন্তু। মিশন এক্সট্রিম। সবাইকে এই ছবি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি সবসময়ই চাই, শুধু আমি কেন, যারাই চেষ্টা করেছেন বাংলাদেশের সিনেমা, বাংলাদেশকে কাজের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতে; আমরা সবসময় সবাইকে সাপোর্ট করি।’
ঢালিউডের শীর্ষ নায়কের এই আহবান সিনেমা মহলে ভূয়সী প্রশংসা পাচ্ছে।
এদিকে শাকিবের বক্তব্যের বিপরীতে এবার মুখ খুলেছেন আরিফিন শুভ। গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘এর আগে শাকিব ভাই আমার কোনো ছবি নিয়ে এভাবে বলেননি। এই প্রথম নির্দিষ্ট করে আমার অভিনীত একটি ছবির নাম উল্লেখ্য করে ছবিটি সবাইকে দেখতে বলেছেন। ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে।’
শাকিব খান দেশে ফিরলে তার সঙ্গে কাজ করার প্রস্তাব দেবেন বলেও জানিয়েছেন শুভ। তার ভাষ্য, ‘আমি, শাকিব ভাই, চঞ্চল ভাই, সিয়ামরা মিলে একসঙ্গে কাজ করলে ইন্ডাস্ট্রিতে অনেক ইতিবাচক প্রভাব পড়বে। ইন্ডাস্ট্রির চেহারায় পাল্টে যাবে। আমরা একসঙ্গে কাজ করলে ভালো কিছু হবে। আমার অর্জন অল্প সময়ের, শাকিব ভাইয়ের দীর্ঘ। ঠিকঠাক পরিকল্পনা করে কাজ করলে সহজেই দর্শকের কাছে পৌঁছানো সম্ভব। আমরা সেই চেষ্টা করতেই পারি।’
প্রসঙ্গত, ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ পুলিশের দুর্ধর্ষ কিছু অভিযান নিয়ে। নির্মাণ করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, রাশেদ মামুন অপু, মনোজ প্রামাণিক, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত প্রমুখ।
