Home বিনোদন মোশাররফ করিমের জন্য ঢাকায় আসছেন কলকাতার পার্নো মিত্র

মোশাররফ করিমের জন্য ঢাকায় আসছেন কলকাতার পার্নো মিত্র

0
207

বিনোদন ডেস্ক- চলতি মাসের প্রথম সপ্তাহেই খবরটি প্রকাশ্যে আসে। বাংলাদেশের সিনেমায় আবারও অভিনয় করতে যাচ্ছেন ভারতের পার্নো মিত্র। যিনি কলকাতার সিনেমায় বেশ কিছু আলোচিত প্রোজেক্টে কাজ করে প্রশংসিত হয়েছেন। তার ঝুলিতে রয়েছে ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’র মতো সিনেমা।

 

বাংলাদেশে ‘বিলডাকিনী’ নামের একটি সিনেমায় পার্নো মিত্র যুক্ত হয়েছেন। যেটা নির্মাণ করবেন ফজলুল কবীর তুহিন। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে অভিনেত্রীকে দেখা যাবে মোশাররফ করিমের বিপরীতে।

 

পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এর চিত্রায়ন হবে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে। এ জন্য আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশে আসছেন পার্নো মিত্র। গণমাধ্যমের কাছে খবরটি জানিয়েছেন নির্মাতা।

 

তিনি জানান, কলকাতা থেকে প্রথমে ঢাকায় আসবেন পার্নো। এরপর সোজা চলে যাবেন নওগাঁয়। সেখানেই ১৩ ডিসেম্বর থেকে অংশ নেবেন শুটিংয়ে।

 

কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীর উপন্যাস ‘বিলডাকিনী অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০২০ অর্থ বছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকবে ডাটা সলিউশন।

 

এদিকে পরিচালক ফজলুল কবীর তুহিন এর আগে ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ সিনেমা শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেন তারিক আনাম খান, মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই প্রমুখ।

 

প্রসঙ্গত, কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রকে ‘বেডরুম’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’র মতো সিনেমায় দেখা গেছে। এ ছাড়া বাংলাদেশের ‘ডুব’ সিনেমায় অভিনয় করেও আলোচিত হয়েছেন তিনি। যেটি নির্মাণ করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী।

 

ফের বাংলাদেশের সিনেমায় যুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে পার্নো জানিয়েছেন, ‘এই সিনেমার প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করব, খুশি হই। তার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here