নজর২৪ ডেস্ক- চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিক। কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামের সন্তান। তার বাবা স্থানীয় রাজনীতিবিদ মো. সাদেকুর রহমান। তিনি মহিনন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু বাবাকে বিজয়ী করতে পারলেন না সাইমন সাদিক। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. লিয়াকত আলীর কাছে এক হাজার ১১১ ভোটে হেরে গেলেন তার বাবা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সাদেকুর রহমান।
রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যার পর ভোট গণনার ফলাফলে বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে। মো. লিয়াকত আলী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার ২৮১ ভোট। নায়ক সাইমনের বাবা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার ১৭০ ভোট।
জানা গেছে, চেয়ারম্যান পদে বাবাকে বিজয়ী করতে সিনেমার সব শিডিউল বাতিল করে নির্বাচনী প্রচারণায় কাজ করেন সাইমন। দিন-রাত চষে বেড়ান নির্বাচনী মাঠ। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের আশ্বাস দিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন পাড়া-মহল্লার প্রতিটি ঘরে।
দীর্ঘ বিরতির পর আবারও রাজনীতিতে ফিরে পরাজিত হলেন সাইমনের বাবা মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান।
