পরীমণিকে ফ্রিতে দেখার সুযোগ করে দিলেন নির্মাতা!

বিনোদন ডেস্ক- শুটিংয়ের সেট থেকে প্রেস ব্রিফিং, সহশিল্পীর জন্মদিন থেকে আদালত; এমন ব্যস্ততাতেই ডুবে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। মাদক মামলায় জামিন পাওয়ার পর তিনি কাজে যেমন নিয়মিত হয়েছেন। আবার নিয়ম করে আদালতে গিয়ে হাজিরাও দিতে হচ্ছে। তবে দক্ষ হাতে সামলে নিচ্ছেন সবই।

 

সিনেমার পর্দায় পরীকে সর্বশেষ দেখা গেছে গত মার্চে। ওই মাসের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। যেটি নির্মাণ করেছিলেন তৌকীর আহমেদ। প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় ৮ মাস পর এবার অনলাইনে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আগামী ৩ ডিসেম্বর ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টফি’তে উন্মুক্ত করা হবে এই সিনেমা।

 

জানা গেছে, কম্পিউটার কিংবা মুঠোফোন যেকোনো উপায়ে টফির প্ল্যাটফর্মে প্রবেশ করে সিনেমাটি দেখা যাবে। এর জন্য কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।

 

বিষয়টি নিশ্চিত করে পরিচালক তৌকীর আহমেদ জানান, বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে।

 

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু, রওনক হাসানসহ আরও অনেকেই।

 

অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা গুগল প্লেস্টোর, অ্যাপ স্টোর অথবা (https://toffeelive.com) ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করতে পারবেন টফি অ্যাপটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *