বিনোদন ডেস্ক- অভিনয়ে সফলতা নিয়ে দেশের বিনোদন জগতের এ মুহূর্তে সবচেয়ে চর্চিত ও আলোচিত শিল্পীর নাম আজমেরী হক বাঁধন। চলতি বছরের মাঝামাঝি কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু। এরপর কেবলই তার ক্লান্তিহীন পথচলা। কান উৎসবে তার অভিনীত সিনেমা ‘রেহেনা মরিয়ম নূর’ প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের পাশাপাশি বিশ্বের নামিদামি গণমাধ্যমেও তিনি স্থান পেয়েছেন এ সিনেমার কল্যাণে।
এটির রেশ না কাটতেই ভারতের প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের পরিচালনায় ‘খুফিয়া’ নামের একটি ওয়েব সিনেমায় অভিনয় করছেন। এরই মধ্যে বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’।
সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন সাদিক হাসানের পরিচালনায় ‘অ্যা ব্লেসড ম্যান’ নামের একটি সিনেমায়। এতে তার সহশিল্পী হিসাবে অভিনয় করবেন তাহসান। সব মিলিয়ে বাঁধনের বৃহস্পতি তুঙ্গে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছুদিন আগেও যা ছিল স্বপ্ন, এখন তা বাস্তব। অভিনয়ের জন্য এত মানুষের কাছে থেকে সাড়া পাব কিংবা দেশের বাইরে আমাকে নিয়ে আলোচনা হবে, তা ভাবনায়ও ছিল না। যাই হোক রেহানা মরিয়ম নূরের সাফল্য শুধু আমার একার নয়, এটা সিনেমা সংশ্লিষ্ট সবার। বিশেষ করে বাংলাদেশেরও একটি অর্জন এটি। সব মিলিয়ে জীবনটা ব্যস্ত হয়ে উঠলেও আমি সময়গুলোকে উপভোগ করছি। বিশ্বব্যাপী বাংলাদেশের সিনেমা আরও প্রদর্শিত হোক, সে প্রত্যাশাই করছি।’
নতুন চলচ্চিত্রে নিজের পরিবর্তন প্রসঙ্গে আরেকটু পরিষ্কার করে বললেন, ‘আসলে আমি অভিনয় করতে চাই। অনেকে এসে বলে, আপু আপনাকে এমন লাগছে কেন? আপু আপনি অনেক শুকিয়ে গেছেন, আপু আপনার গ্ল্যামার চলে যাচ্ছে… কিন্তু সত্যি কথা কি হয়তো তারা আমাকে দেখেই বলছে, কিন্তু আমি গ্ল্যামারের পাগল নই। অভিনয়ের জন্য আমি পরিবর্তন করছি নিজেকে।’
বাঁধন বলেন, ‘আমার বয়স এখন ৩৮, আমিও মাত্রই অভিনয় শুরু করেছি। এখানে অভিনয়ের জন্য আমাকে অনেক কিছুই করতে হবে। গ্ল্যামার ধরে রাখার অনেক সময় পাব। যে চরিত্রে গ্ল্যামার নেই সেখানে গ্ল্যামারাস তো হওয়া যাবে না।’
‘আ ব্লেসড ম্যান’-এর গল্প প্রসঙ্গে বাঁধন বলেন, ‘এটি একটি ডিফারেন্ট ও ইন্টারেস্টিং জনরা’র মুভি হতে যাচ্ছে। অনেকেই বলছেন, বাঁধন ও তাহসান জুটি বাঁধলেন। বিষয়টি তা নয়। জুটি বাঁধা ছাড়াও সিনেমা হয়। এ রকমই একটি মুভি হবে আ ব্লেসড ম্যান। শুধু বলব, খুবই ইন্টারেস্টিং গল্পের মুভি হবে এটি।’
নির্বাসিত লেখক তসলিমা নাসরিন ‘রেহানা মরিয়ম নূর’ প্রসঙ্গে কথা বলেছেন, ছবিটির কয়েকটি বিষয়ে সমালোচনাও করেছেন- তবে বাঁধন এ বিষয়ে কথা বলতে নারাজ।
