প্রতিবাদী নারী হয়ে উঠবেন মিথিলা!

বিনোদন ডেস্ক- প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’র মাধ্যমে ডিসেম্বরে তার অভিষেক হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সিনেমাটি কর্তন সাপেক্ষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

 

অনন্য মামুন বলেন, আজ সকালে সেন্সর সনদ হাতে পেলাম। তবে সিনেমায় একটি রবীন্দ্রসংগীত নিয়ে কিছুটা আপত্তি থাকায়, সেটা বাদ দিতে হয়েছে। ইচ্ছে আছে, আগামী ডিসেম্বরেই ‘অমানুষ’ মুক্তি দেওয়ার।

 

এ সিনেমায় নুদরাত নামে ভয়ডরহীন এক প্রতিবাদী নারীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে; যিনি দেশের বাইরে থেকে ফেরার পর নানা ধরণের চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যেতে থাকেন।

 

নিজের চরিত্র নিয়ে মিথিলা গণমাধ্যমকে বলেন, “একটা মেয়ে দেশের বাইরে থাকে; দেশে আসার পর তার সঙ্গে অদ্ভূত সব ঘটনা ঘটতে থাকে। ওটাকে ঘিরেই গল্পটা এগিয়ে যায়। মেয়েটাকে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত ঘটনা কোন দিকে যায়-তার জন্য সিনেমাটা দেখতে হবে।”

 

এতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব; যাকে একজন ডাকাতের ভূমিকায় দেখা যাবে।

 

চলতি বছর ১ এপ্রিল বান্দারবানে ‘অমানুষ’র শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে আগস্টের মাঝামাঝিতে শুটিং সম্পন্ন হয় ঢাকায়।

 

মিথিলা-নিরব ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই।

 

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বেশ কয়েকটি টালিগঞ্জের সিনেমায় কাজ করছেন মিথিলা। টালিগঞ্জের নির্মাতা রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় ‘আ রিভার ইন হ্যাভেন’ ও রাজর্ষি দে’র পরিচালনায় ‘মায়া’ সিনেমার শুটিং করেছেন মিথিলা।

 

উল্লেখ্য, অভিনেতা-গায়ক তাহসান রহমান খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তাহসান-মিথিলার একটি মেয়ে রয়েছে। তবে নির্মাতা সৃজিতের সঙ্গে বিয়ের পর কলকাতায় থিতু হয়েছেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *