নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নে এক জনসভায় দলীয় এমপিকে অবৈধ ঘোষণা ও কটাক্ষ করে বক্তব্য দেয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এক লিখিত বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বলেন- চন্ডীপাশা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও নির্বাচিত চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূঞা সাবেক এমপি মেজর জেনারেল আব্দুস সালাম সাহেবের ডাকা ও তার উপস্থিতিতে প্রকাশ্য জনসভায় মাইকে বর্তমান এমপিকে কটাক্ষ করে বক্তব্য দেন।
এতে বর্তমান এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনকে ২০১৪ সালে অটো ও ২০১৮ সালে ভোট চুরি করে রাতের এমপি হিসেবে বিষোদগার করেন। এবং অশ্রাব্য, অশ্লীল, গালিগালাজ সহ মানহানিকর হেয় প্রতিপন্ন মূলক বক্তব্য প্রদান করে। যা বিএনপি ও জামাত জোটের শীর্ষ নেতাদের বক্তব্যের সাথে মিলে যায়।
উপজেলা চেয়ারম্যান লিখিত বক্তব্যে আরও বলেন- প্রকারান্তরে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচিত সরকারকে ভোট চোর ও অবৈধ ঘোষণার শামিল।
সংবাদ সম্মেলনে সরকার, দল ও এমপি’র ভাবমূর্ত্তি ক্ষুণ্ণ করে বিগত দুইটি জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দলীয় শৃঙ্খলা বিরোধী ধৃষ্টতা পূর্ণ বক্তব্য প্রদান করার কারনে ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূঞা এবং তার পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাকে দল থেকে বহিষ্কার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরাফ উদ্দিন ভূইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেনু, শাহাব উদ্দিন ভূইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির প্রমুখ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মিডিয়া কর্মীগণ।
