বিনোদন ডেস্ক- টালিউডের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি। ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এরপর সেখানকার বেশ কিছু আলোচিত সিনেমায় দেখা গেছে তাকে।
টালিউডের গণ্ডি পেরিয়ে কৌশানি নাম লিখিয়েছেন বাংলাদেশের সিনেমাতেও। এখানে তিনি ‘প্রিয়া রে’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চাঁদপুরে সিনেমাটির প্রথম লটের শুটিং করে গিয়েছিলেন অভিনেত্রী।
‘প্রিয়া রে’ সিনেমার শুটিং শেষ করার জন্য বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পুনরায় বাংলাদেশে এসেছেন কৌশানি। শাপলা মিডিয়ার প্রযোজনায় এটি নির্মাণ করছেন পূজন মজুমদার। সিনেমাটিতে কৌশানির নায়ক শান্ত খান।
বর্তমানে ছবিটির দ্বিতীয় ধাপের শুটিং চলছে চাঁদপুরে। শুটিংয়ের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আড্ডা দিয়েছেন ‘পারব না আমি ছাড়তে তোকে’-খ্যাত এই নায়িকা। যে আড্ডায় উঠে এসেছে কৌশানির প্রেম, বিয়ে আর সিনেমার গল্প।
‘প্রিয়া রে’ ছবি নিয়ে কৌশানি বলেন, এটা খুব রোমান্টিক স্টোরি। কাজ অনেকটাই শেষ। অ্যাকশন, ক্লাইমেক্স শেষ। গানের শুটিং বাকি। কাজ খুব ভালো হচ্ছে আমাদের।
চাঁদপুর অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, এখানে এই যে মাঠে বসে ইন্টারভিউ দেওয়া, মাঠের মধ্যেই শুটিং করা, মাঠে বসেই নেক্সট শটের অপেক্ষা করা, এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। ইউজুয়ালি আমরা ওখানে (টলিউডে) শট শেষে ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়ি। এত মানুষের মাঝে বসে গল্প করা সচরাচর হয় না। মজাই লাগছে।
টালিউডের এই নায়িকা বলেন, আমার প্রথম বাংলাদেশের ছবি। এটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। আমার ডিরেক্টর পূজনেরও এটি প্রথম ছবি। তো বেশি চোখে লাগছে এই দেশের মানুষের আগ্রহের বিষয়টি। আমি চাঁদপুরে আছি। কিন্তু চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে আমাকে সবাই নক করছে- তাদের জেলায় কবে যাবো! মনে হচ্ছে আমি বাংলাদেশ সফরে বেরিয়েছি। বাট তাদের এই আগ্রহগুলো আমাকে স্পর্শ করে।
আরেকটা বিষয়, এখানে আমার বিপরীতে আছে শান্ত খান। ওর সঙ্গেও আমার প্রথম কাজ। তো এখানে আসার পর ওর সঙ্গে আমিই প্রথম বন্ধুত্ব করেছিলাম। কারণ, আমি অনেক সহজে মিশতে পারি। ওর সঙ্গে আমার খুব ভালো বন্ডিং হয়ে গেছে। আর মানুষ হিসেবেও সে খুব ভালো। তার একটা গোল্ডেন হার্ট আছে।
এসময় নিজের ক্যারিয়ার বলেন, ‘কৌশানিকে সবাই জানেন স্ট্রং ও ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ হিসেবে। সেই জায়গা থেকে নিজেকে আরও স্ট্রংগার ও স্ট্যাবলিশ্ড করতে চাই। আমি অলরেডি স্ট্যাবলিশ্ড। কারণ, এখন নিজের ফ্যামিলিকে নিজেই টেককেয়ার করতে পারি। আমি একাই একশ’। বাট সামনে আমার কিছু প্ল্যান আছে। যেমন প্রোডাকশন হাউজ খোলার একটা প্ল্যান আছে। সেগুলো করবো।’
ব্যক্তিগত জীবনে ৬ বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কৌশানি। শুরু থেকেই তাদের প্রেমের বিষয়টি একেবারে খোলামেলা। সবাই জানে এই জুটির প্রেমের খবর। তাই তাদের প্রেম নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকদের।
এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমি যথেষ্ট ইয়াং। এখনই বিয়ে করে ঘরে বসে যেতে চাই না। আমার অনেক কাজ করতে হবে। আর কিছু দিন আগে আমার জীবনের অনেক কিছু বদলে গেছে। আমার মা মারা গেছেন। ফলে এই পর্যায়ে দাঁড়িয়ে আমি বিয়ের গল্পটা করতে চাই না। এখন বনি যদি ভাবে আমরা ২০২৩ সালে বিয়ে করবো, তো সেটা তার প্ল্যান। কিন্তু আমি এখনি এসব নিয়ে বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, বিয়ে যেদিন হবে, যার সঙ্গে হবে, আমি সবাইকে দাওয়াত করেই জানাবো।
