নিজস্ব প্রতিবেদক, নজর২৪- জেদ্দায় ঐতিহাসিক ইসলামিক কনফারেন্সে যোগদানের জন্য সৌদি আরবে গেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি।
গত সোমবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।
জানা যায়, ইসলামী সংস্কৃতি, নৈতিকমূল্যবোধ, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও জঙ্গীবাদ বিষয়ে জেদ্দায় ২৩, ২৪ ও ২৫ নভেম্বর তিনদিন ব্যাপী ইসলামি কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।
এতে সভাপতিত্ব করছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। অনুষ্ঠানে জেদ্দা ও মক্কার প্রিন্স ও গভর্নরসহ বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, এমপিসহ ইসলামি স্কলারগণ যোগদান করেছেন।
উক্ত কনফারেন্স যৌথভাবে আয়োজন করেছেন রাশিয়া – ইসলামিক ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক ভিশন।
বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
