নজর২৪, ঢাকা- খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য দলের নেতাকর্মীদের বাড়ির কথা ভুলে, কাঁথা-বালিশ নিয়ে রাস্তায় স্থায়ীভাবে ঘুমানোর প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, বর্তমান সরকার আইনের ধারা দেখাচ্ছে। বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। আপনারা সবাই জানেন এগুলো কিছুই না, শুধুমাত্র অজুহাত। শীর্ষ স ন্ত্রা সী, বহু খু নে র ফাঁ সির আসামিকে রাতের আঁধারে ঢাকা সেন্ট্রাল জেল থেকে পাহারা দিয়ে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। যখন শীর্ষ স ন্ত্রা সী ফাঁ সির আসামিকে দণ্ড মওকুফ করে দেন বর্তমান প্রেসিডেন্ট, তখন কোনো আইন দেখা হয় না।
তিনি বলেন, আমরা আমাদের নেত্রীর সুচিকিৎসার জন্য যে আন্দোলন করছি, সেটার ফল পেতে চাই। আপনারা কাঁথা-বালিশ নিয়ে তৈরি হন, বাড়ির কথা ভুলে যান, রাস্তায় স্থায়ীভাবে ঘুমানোর প্রস্তুতি নিন।
সরকারের উদ্দেশে ইশরাক বলেন, আপনারা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েন না। এখনো সময় আছে, দয়া করে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়াকে তিলে তিলে মারার চক্রান্ত হিসেবেই তাকে মুক্তি দিচ্ছে না সরকার। তার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার জন্য প্রয়োজনে তার অনুসারীরা জীবন ও রক্ত দিতে প্রস্তুত।
তিনি বলেন, ‘আমাদের একটি কথা, আমাদের প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। তার মুক্তি হলে তাকে চিকিৎসা করানোর সুযোগ পাব। তার চিকিৎসায় বাধা সরকারের অনৈতিকতা।’
খালেদা জিয়াকে মুক্ত করতে এবং তার সুচিকিৎসা নিশ্চিতে আন্দোলন ভিন্ন কোনো পথ নেই বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আন্দোলন আন্দোলন, আন্দোলন হচ্ছে একমাত্র পথ।’
