শারমিনকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান কণ্ঠশিল্পী সালমার

বিনোদন ডেস্ক- ফোক গানে বিস্ময় জাগানিয়া কণ্ঠের নাম শারমিন আক্তার। ২০১৬ সালে চ্যানেল আইয়ের সংগীত রিয়েলিটি শো ‘বাংলার গান’-এ চ্যাম্পিয়ন হয়ে নিজের প্রতিভার জানান দেন তিনি। তার দরাজ গায়কীতে মুগ্ধ হয়েছেন প্রতিযোগিতার বিচারক ও দেশবাসী। কিন্তু সেই শারমিনের কণ্ঠে এখন থমকে আছে। নিস্তেজ হয়ে তিনি পড়ে রয়েছেন হাসপাতালের বিছানায়।

 

জানা গেছে, থাইরয়েডের সমস্যা থেকে শারমিনের শরীরে বাসা বেঁধেছে নানা জটিলতা। ক্রমশ তার অবস্থা শঙ্কটাপন্ন হচ্ছে। আজকালের মধ্যে যদি তার অবস্থার কোনো উন্নতি না হয়, তাহলে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। এ অবস্থায় শারমিনের জীবন বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা।

 

ফেসবুকে শারমিনের একটি ছবি পোস্ট করে সালমা লিখেছেন, ‘শারমিনকে বাঁচাতে পারে একমাত্র আল্লাহ। আমরা শুধু পরিপূর্ণ চেষ্টা করতে পারি। থাইরয়েড সমস্যাজনিত কারণে ব্লাড ইনফেকশন। ওর চিকিৎসার জন্য তিন-চার দিনের মধ্যেই সিঙ্গাপুর নিতে হবে। অনেক টাকার প্রয়োজন।’

 

এরই মধ্যে শারমিনের বাবার সঙ্গে যোগাযোগ করেছেন সালমা। সে প্রসঙ্গে তিনি লেখেন, ‘আমি ওর (শারমিন) বাবাকে ফোন করেছিলাম। সে আমার কাছে কোনো আর্থিক সাহায্য চায়নি। কিন্তু তার টাকার প্রয়োজন। ১৫-২০ লাখ টাকা প্রাথমিক খরচ নিয়ে সিঙ্গাপুরে যেতে হবে। আপনার ইচ্ছে হলে তাকে বাঁচাতে এগিয়ে আসতে পারেন।’

 

সালমা তার পোস্টে শারমিনের বাবার বিকাশ নম্বরটি যুক্ত করে দিয়েছেন। সেটি হলো- ০১৭১২১৮৪৮৮৬।

 

শারমিনের বাবা বাউলশিল্পী হুমায়ুন কবির বলেন, জীবনে কিছু চাইনি। শুধু চেয়েছি আমার ‘মা’ গানের মধ্যে বেঁচে থাকুক। সেই মা আজ ১৪ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চিকিৎসকরা জানিয়েছেন, শারমিনের অবস্থার আরেকটু অবনতি হলেই তাকে ফেরানো সম্ভব হবে না।

 

বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন শারমিন। এর আগে দুই দিন রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মূলত জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হোন তিনি। তবে অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

চিকিৎসকের বরাত দিয়ে শারমিনের বাবা বলেন, শারমিনের রক্তের সেল নষ্ট হয়ে যাচ্ছে। তার শরীরে নতুন করে রক্ত উৎপাদন হচ্ছে না বলেই দিন দিন অবস্থার অবনতি হচ্ছে।

 

শারমিনের শরীরে ঠিক কী রোগ বাসা বেঁধেছে, এ প্রশ্নের জবাবে তার বাবা বলেন, ‘নির্দিষ্ট করে এখনও কিছু বলেনি। তবে তাদের ধারণা, এটা ব্লাড ক্যানসার হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *