স্পোর্টস ডেস্ক- জৈব সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়া মুস্তাফিজ-ভক্ত রাসেলের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, মিরপুর মডেল থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সন্দেহভাজন মামলায় রাসেলকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রোববার সকালে রাসলকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
তিনি বলেন, ঘটনার পরপরই রাসেলকে আমরা আটক করে থানায় নিয়ে এসেছি। সে ঠিক কী কারণে জৈব বেষ্টনী ভেদ করে মাঠে প্রবেশ করেছে তা আমরা সঠিকভাবে জানার চেষ্টা করছি। তবে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, সে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোস্তাফিজের ভক্ত। তবে মাঠে প্রবেশ করার তার ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল কি না সেসব বিষয়ও আমরা জানার চেষ্টা করছি।
প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দ্বিতীয় ইনিংস চলাকালীন পাকিস্তানের ১৩তম ওভারে ব্যাটিংয়ের সময় নর্দান গ্যালারির লোহার বেড়া ডিঙিয়ে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। এসে সোজা মুস্তাফিজের পায়ের কাছে পড়ে চুমু খেতে থাকেন। পরে নিরাপত্তাকর্মীরা ওই দর্শককে সরিয়ে নেন ও মুস্তাফিজকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
রাসেল রাজধানীর আদাবরের বাসিন্দা। কুমিল্লা শহরের ছেলে রাসেলের বাবার নাম জাকির হোসেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের ছাত্র তিনি।
