বিনোদন ডেস্ক- শাহরিয়ার চৌধুরী দেশের নামি একজন তারকা। তার স্ত্রী ঝর্ণা। কিন্তু দাম্পত্য জীবনে স্ত্রী ঝর্ণার সঙ্গে নানান ঝামেলায় জড়ান শাহরিয়ার। যার প্রভাব তার ক্যারিয়ারেও পড়ে।
এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে সাইকোলজিকাল থ্রিলার নাটক ‘কুহক কাল’। এতে শাহরিয়ার চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর ঝর্ণা হয়েছেন ফারিয়া শাহরিণ।
সম্প্রতি উত্তরা ও আরটিভি স্টুডিওতে তিন দিন ধরে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আলোক হাসান। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান। এতে আরও অভিনয় করেছেন নিশাত প্রিয়ম, শাহেদ আলী সুজন প্রমুখ।
নির্মাতা আলোক হাসান বলেন, ‘সর্বশেষ গত ঈদের কেটি নাটকে একসঙ্গে কাজ করেছিলেন চঞ্চল চৌধুরী ও ফারিয়া শাহরিণ। আমি এবারই প্রথম তাদের নিয়ে নাটক বানালাম। সাইকোলজিকাল থ্রিলার নাটকটির গল্পের মোড় দর্শককে ভাবাবে। সবাই অভিনয়ও করেছেন দুর্দান্ত। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
শিগগির একটি বেসরকারি টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা।
গত জুনে সুমন আনোয়ারের পরিচালনায় মোশাররফ করিমের সঙ্গে ‘সাদা মানুষ’ নাটকের মাধ্যমে অভিনেত্রী হিসেবে প্রশংসা কুড়িয়েছিলেন ফারিয়া শাহরিন। তার আগে তাকে ‘অন্তরা’ চরিত্রের মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এনে দিয়েছিল কাজল আরেফিন অমি’র ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকটি।
সর্বশেষ এজাজ মুন্নার পরিচালনায় চঞ্চলের সঙ্গে ‘ডার্ক স্টোরি কফি’ নাটকে অভিনয় করেন ফারিয়া শাহরিন। এবার অভিনয় করলেন থ্রিলারধর্মী নাটক ‘কুহক কাল’ এ।
ফারিয়া শাহরিন মনে করেন, অভিনয়ের বড় অংশ নির্ভর করে সহশিল্পীর রি-অ্যাক্টিং বা পারফর্মের উপর। তিনি বলেন, চঞ্চল ভাইয়ার অভিনয়ের ফ্যান আমি। তার সঙ্গে কাজ করলে অভিনয় অটোম্যাটিক ভালো হয়ে যায়। উনি যেভাবে অভিনয় করেন এতে সেরাটা দেয়া ছাড়া উপায় থাকেনা। প্রতিটি দৃশ্য শেষ করে তাকে জিজ্ঞেস করেছি, আমি কেমন অভিনয় করেছি।
ফারিয়া শাহরিন বলেন, তিনি আমার ভালো অভিনয়ের চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। চঞ্চল ভাই এও বলেছেন, সাজগোজ আর চেহারা কেউ দেখবে না। অভিনয়ে ফোকাস করতে। সবমিলিয়ে আমাদের ‘কুহক কাল’ কাজটা খুব সুন্দর হয়েছে।
