বিনোদন ডেস্ক- টেলিভিশনের সংবাদ পাঠিকা থেকে সিনেমায় নাম লেখিয়েই চমকে দিয়েছিলেন শবনম বুবলী! ঢালিউড সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে তার অভিষেকটাও ছিল রাজকীয়। বুবলীর সেই রাজত্ব এখনো চলছে। গত পাঁচ বছরে মুক্তি পেয়েছে তার অভিনীত ১০টি সিনেমা। বর্তমানে কাজ করছেন আরও বেশ কয়েকটিতে।
আজ ২০ নভেম্বর (শনিবার) এই নায়িকার জন্মদিন। সাইফ চন্দনের পরিচালায় ‘কয়লা’ সিনেমার শুটিংয়ে বর্তমানে সিলেটের জাফলংয়ে রয়েছেন বুবলী। সেখানেই কাটছে বিশেষ দিনটি।
এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন দিনটি কীভাবে উদযাপন করছেন। তবে শাকিব খানের প্রসঙ্গ জন্মদিনে এড়িয়ে গেছেন এই নায়িকা।
বিশেষ কেউ ফোন করে বা এসএমএস দিয়ে উইশ করেছে কিনা? জানতে চাইলে বুবলী বলেন, ‘প্রতিটি উইশ আমার কাছে স্পেশাল।’
শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন। শাকিব আপনাকে উইশ করেছেন? এমন প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে প্রসঙ্গ এড়িয়ে বুবলী বলেন, ‘সহশিল্পী যারা আছেন সবাই তো উইশ করবেন। একজনের কথা স্পেসিফিকভাবে নাই-বা বলি! দরকার কী? প্রত্যেকেই তো সহশিল্পী। আমার সঙ্গে যারা কাজ করেছেন সবাই উইশ করেছেন। স্পেসিফিক উনার (শাকিব খান) কথাটা আনতে চাচ্ছি না।’
বুবলী বলেন, ‘জাফলংয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের দিকে খাসিয়া পল্লী এলাকায় আমাদের শুটিং চলছে। সেই শুটিংয়ের মধ্যেই গতকাল সন্ধ্যা থেকে বার্থ ডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। সবাই শুভেচ্ছা জানাচ্ছে, কেক পাঠাচ্ছে, ফুল পাঠাচ্ছে।’
এবারের জন্মদিনে বুবলী বিশেষভাবে মুগ্ধ হয়েছেন খাসিয়াদের ভালোবাসায়। নায়িকার ভাষ্য, ‘খাসিয়াদের ভালোবাসায় আমি মগ্ধ। এই ভালোবাসার কথা কখনো ভুলব না। এখানে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছের এলাকা। পাহাড়ী অঞ্চল। অনেক জায়গাতেই নেট পাওয়া যায় না। এমন দুর্গম এলাকার মানুষও আমাদের দেখতে ছুটে আসছে। তারা আমাদের চেনে, ভালোবাসে, আমাদের সিনেমা দেখে। অনেকে আমাকে নাম ধরে ডাকছে। ছবি তুলতে আসছে। জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে। এটা আমার কাছে সত্যিই বিস্ময়ের মতো লাগছে।’
