বিনোদন ডেস্ক- দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে করেছেন তিনি। যেকোনো চরিত্রেই যেনো মানানসই। তার অভিনীত ‘মনপুরা’ ও ‘আয়নাবাজি’ চলচ্চিত্র দুটি গেল এক যুগের সেরা ব্যবসা সফল ছবি হিসেবে সমাদৃত।
চঞ্চল চৌধুরী বেশ কিছুদিন ধরে ওটিটিতে ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মের জন্য সময় দিচ্ছেন। টিভি নাটক করছেন অল্প কিছু। মাঝে সালাহউদ্দীন লাভলুর একটি ধারাবাহিকে কাজ করলেও গত ঈদের পর থেকে এক ঘণ্টার কোনো নাটকে কাজ করেননি এই অভিনেতা। দীর্ঘদিন পর ‘কুহক কাল’ নামে এক ঘণ্টার একটি নাটকে কাজ করছেন তিনি।
টিভি নাটকে নিয়মিত কাজ না করার কারণ কী? জানালেন, নাটকগুলোর গল্প সস্তা, বাজেট কম। এ কারণেই নাটকে কাজ কমিয়ে দিয়েছেন তিনি। চঞ্চল বলেন, ‘কেউ যদি ভালো গল্প, ভালো বাজেট, ভালো মানের একটু ভিন্ন ধরনের কাজ করার প্রস্তাব দেন, কাজ করি। এটি সে রকম একটা কাজ।’
টিভি নাটকের পরিস্থিতি এমন যে কখনো কখনো এক ঘণ্টার নাটকের শুটিং এক দিনেই শেষ হয়। তবে ‘কুহক কাল’-এর পরিকল্পনা ব্যতিক্রম। তিনি বলেন, ‘নাটকটির গল্প পড়ে দেখলাম, কাজটি দুই দিনে শেষ করা যেত। কিন্তু পরিচালক তিন দিন সময় নিয়েছেন। বুঝলাম, পরিচালকের ভালো কাজের ইচ্ছা আছে। তা ছাড়া আমরা যারা ভালো কাজ করতে চাই, তারাও একটু সময় নিয়ে বুঝে-শুনে, রিল্যাক্স করে কাজ করি। এই নাটকে সেই সুযোগটা ছিল।’
তিনি আরও বলেন, ‘কেউ কেউ হয়তো শুধুই অর্থ উপার্জনের জন্য যা-তা নাটকে কাজ করছেন। একই ধাঁচের গল্প, লোকেশনে কাজ হচ্ছে। কোনো কোনো নাটকে গল্পের ধারাবাহিকতাও থাকে না। এক মুরগি সামনে–পেছনে আর কতবার জ বা ই হবে! তাই আমাদের মতো অনেক শিল্পীই এখন শুধু টাকা উপার্জন নয়, চেষ্টা করছেন কাজও যেন ভালো মানের হয়। তা না হলে এই ইন্ডাস্ট্রি বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে পারবে না।’
‘কুহক কাল’ নাটকে চঞ্চল চৌধুরীর বিপরীত অভিনয় করছেন ফারিয়া শাহরিন। সর্বশেষ ঈদুল ফিতরে প্রচারিত ‘ডার্ক রোস্টেড কফি’ নাটকে চঞ্চলের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
