নজর২৪, ঢাকা- আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে-বলেছেন গাজীপুর মহানগরের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।
আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর শনিবার (২০ নভেম্বর) দুপুর ১টায় নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমি কোন অন্যায় করিনি। আমি জনগণের জন্য কাজ করি। সিটি কর্পোরেশনের উন্নয়নে আমি কাজ করি। সিটি কর্পোরেশন থেকে আমি কোন ধরনের ভাতা নেইনি। তাই ২০১৩ সালের পর থেকে আমাকে হ ত্যা করতে আমার পেছনে কিছু লোক লেগে ছিল। তারাই আমার বিষয়গুলো নিয়ে ভুল ব্যাখ্যা করেছে।
তিনি বলেন, আমার অস্তিত্বে জড়িয়ে আছেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনা। এই মানুষগুলোর জন্য আমি ফাঁ সি তে ঝুলতেও রাজি।
মেয়র জাহাঙ্গীর বলেন, আমাকে বহিষ্কার করে মানসিকভাবে আঘাত দেয়া হয়েছে যা আমি ও আমার পরিবার মেনে নিতে পারছি না। আমি বহিষ্কারের বিষয়ে নেত্রীর কাছে রিভিউ করব।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে শুক্রবার বিকেলে জাহাঙ্গীরের দলীয় সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রায় দুই মাস ধরে জাহাঙ্গীরের শাস্তির দাবিতে ক্ষমতাসীন দলের একাংশের বিক্ষোভের মধ্যে শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
গত ২২ সেপ্টেম্বর ঘরোয়া আলোচনার রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করতে শোনা যায়। এরপর আওয়ামী লীগের একটি অংশ জাহাঙ্গীরের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভে নামে।
