ক্ষমা চাই, বহিষ্কারের বিষয়টি পুনর্বিবেচনা করুন: জাহাঙ্গীর

নজর২৪, গাজীপুর- নিঃশর্ত ক্ষমা চেয়ে দল থেকে বহিষ্কারের বিষয়টি পুনরায় বিবেচনা করার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।

 

গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় নিজ বাসভবনে শনিবার (২০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান তিনি।

 

কাঁদতে কাঁদতে মেয়র জাহাঙ্গীর বলেন, ‘আমার ভুল হতে পারে, কিন্তু আমি কোনো পাপ বা অন্যায়ের সঙ্গে জড়িত না। মানুষের ভুল হয়।’

 

প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য দেয়া হয়েছে দাবি করে মেয়র বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছিলাম আমার কথা বলার জন্য। তবে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েও পাইনি।

 

‘যদি দেখা করে কথাগুলো বলতে পারতাম তাহলে উনি সঠিক জিনিসটা জানত। উনার কাছে সত্য তথ্য গেলে, অবশ্যই ন্যায়বিচার পেতাম।’

 

মেয়র জাহাঙ্গীর আলম তাঁর আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ ফিরে পাওয়ার আকুতি জানিয়ে বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি। আমি এ সাধারণ সম্পাদক পদ চাই না, বাকি জীবন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও সমর্থক হয়ে থাকতে চাই।’

 

তিনি বলেন, ‘আমার অস্তিত্বে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু। আমার অভিভাবক হিসেবে তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন বা দেবেন তা আমি মেনে নেবো। তিনি যদি বিনা কারণে আমাকে ফাঁ সি র দড়িতে ঝুলতে বলেন তাতেও আমি রাজি আছি। এতেও আমার দ্বিমত নেই।’

 

এ সময় তিনি কান্নায় ভেঙে পড়লে উপস্থিত দলীয় নেতা-কর্মীরাও কান্নায় ভেঙে পড়েন। পরে এখানে একটি হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *