স্পোর্টস আপডেট ডেস্ক- সময়টা বড্ড খারাপ যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। বিশ্বকাপে ভয়াবহ বিপর্যয়ের বৃত্ত ঘরের মাঠেও ভাঙ্গতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। অথচ, এই ম্যাচে স্পষ্টতই দারুণ সুযোগ ছিল টাইগারদের।
কিন্তু, শেষ দিকে ফের আরও একবার তীরে এসে তরী ডুবল লাল-সবুজের দেশ। শুরুতে দারুণ বোলিং করলেও শেষে খেই হারিয়ে ফেলে ঘরের মাঠে হার দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হলো স্বাগতিকদের।
শুক্রবার (১৯ নভেম্বর) স্বাগতিকদের করা ১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ বল বাকি রেখে জয় নিশ্চিত করে সফরকারী দল। এই হারে তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে থাকলো বাংলাদেশ।
এদিকে দীর্ঘদিন পরে আবারও মাঠে দর্শক দেখা গেল এই ম্যাচের মধ্যে দিয়ে। হোম গ্রাউন্ডে সিরিজ মানেই গ্যালারিতে পরিপূর্ণ থাকে স্বাগতিক দলের দর্শকে। বাংলাদেশের বেলায়ও এর ব্যতিক্রম নয়। কিন্তু মিরপুরে আজ প্রথম টি-টোয়েন্টিতে স্টেডিয়ামের দর্শক উল্লাস দেখে কিছু সময়ের জন্য মনেই হতে পারে, এটা ঢাকা না লাহোর! হাসান আলী বাংলাদেশি ক্রিকেটারকে আউট করলে বা শাদাব খান ছক্কা হাঁকালে দর্শকদের উল্লাস দেখে বুঝার উপায় নেই এটা বাংলাদেশের মাঠ নাকি অন্য কোন দেশের মাঠ।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মিরপুরের গ্যালারিতে পাকিস্তানি দর্শকদের পাশাপাশি বাংলাদেশি দর্শকদের হাতেও পাকিস্তানের পতাকা দেখা গেছে। এই দৃশ্য দেখে কোটি কোটি বাঙালির মতো মাশরাফি বিন মর্তুজার হৃদয়েও রক্তক্ষরণ হয়েছে।
মাশরাফি বিন মর্তুজা শুক্রবার তাঁর ফেসবুক আইডিতে লেখেন- খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না এটা ঠিক, কিন্তু খেলাটা যখন আমাদের দেশে আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ উড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই দেশটা কিন্তু আপনার।
আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না। হারি বা জিতি স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক চিৎকার হোক বাংলাদেশ।
