বিনোদন ডেস্ক- সেলিব্রেটিদের প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। যে কারণে প্রেম বা বিয়ে না-করেও অনেক সময় গুঞ্জনের শিকার হতে হয় তারকাদের। তবে কোনো রকম গুঞ্জন ছাড়াই ৬ বছর প্রেম করে পরিবারের সম্মতিতে সম্প্রতি বাগদান করেছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম।
মিমের দীর্ঘদিনের এই প্রেমের খবর কাছের মানুষরাও বুঝে উঠতে পারেননি। দেশের বিনোদন সাংবাদিকরাও জানতেন না যদি মিম নিজে না জানাতেন। এই চিত্রনায়িকা গত ১০ নভেম্বর নিজের জন্মদিনে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সবাইকে জানিয়েছেন।
মিমের হবু স্বামী সনি পোদ্দার। দেশের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন; কুমিল্লার সন্তান। সম্প্রতি এক জাতীয় দৈনিককে ব্যক্তিগত জীবনসহ নানা বিষয়ের প্রশ্নের উত্তর দিলেন নায়িকা।
প্রশ্ন- সনির সঙ্গে দীর্ঘদিনের প্রেম। শুরুতেই জানতে চাই, আপনাদের দু’জনের পরিচয় কীভাবে?
উত্তর: ছয় বছর আগের কথা। আমার এক বান্ধবীর মাধ্যমে ফেসবুকেই সনির সঙ্গে পরিচয়। ফেসবুকেই প্রেম। মেসেঞ্জার গ্রুপে আমাদের নানা বিষয় নিয়ে কথা হতো। কুমিল্লার ছেলে সনি পেশায় ব্যাংক কর্মকর্তা। দু’জনের পেশাগত কাজ নিয়েই ব্যস্ত সময় কেটেছে। যা হোক, পরিচয়ের পর মাঝেমধ্যে দেখা হতো, কথা হতো। এভাবেই আমাদের পরিচয় থেকে বন্ধুত্ব। আর একপর্যায়ে তা ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নিয়েছে।

প্রশ্ন- ভালোবাসার কথা কে আগে জানিয়েছেন- সনি নাকি আপনি?
উত্তর: অসম্ভব সুন্দর মনের মানুষ সনি। তার অনেক গুণ আমাকে আকর্ষণ করত। এভাবেই আমার ভালোলাগা বাড়তে থাকে। তবে সনিই আমাকে চমকে দিয়ে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিল।
প্রশ্ন- হঠাৎ কেন বাগদানের সিদ্ধান্ত?
উত্তর: আংটিবদল আগেই হওয়ার কথা ছিল। নানা কারণে হয়নি। গত ১০ নভেম্বর ছিল আমার জন্মদিন। ভাবলাম, এ বিশেষ দিনে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলে ভালোই হয়। যে জন্য জন্মদিনের সুন্দর দিনটা বেছে নিয়েছি বাগদান ঘোষণা দেওয়ার জন্য।
প্রশ্ন- বিয়ের আনুষ্ঠানিকতা কবে?
উত্তর: করোনার জন্য সীমিত আয়োজনে আংটিবদল হয়েছে। তবে বিয়ে ঘটা করেই হবে। বিয়ের দিনক্ষণ নিয়ে কথাবার্তা হচ্ছে।
প্রশ্ন- জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। এরপর কি মিডিয়ায় নিয়মিত কাজ করবেন?
উত্তর: আমি তো আগের মতোই আছি। শুধু জীবনে একজন নতুন মানুষ যুক্ত হয়েছেন। আগে যেভাবে নিয়মিত অভিনয় করেছি, সেভাবেই করব। আমার শ্বশুরবাড়ির মানুষ চাইছেন, আমি যেন কাজের মধ্যে থাকি। যে জন্য বাগদানের পরই আবার সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ ছবির কাজ শুরু করেছি। কয়েক দিন সাভারে এর শুটিং হয়েছে।
প্রশ্ন- এখানে আপনি অভিনয় করছেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের চরিত্রে। এ ধরনের চরিত্রে কাজ কতটা চ্যালেঞ্জিং?
উত্তর: সিনেমার বাঁকবদলের জন্য যে ধরনের গল্প প্রয়োজন, তেমনই গল্প নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। অভিনয় ক্যারিয়ারে প্রথম একজন সাইবার বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করছি। যে জন্য কাজটি অনেক চ্যালেঞ্জিং মনে হচ্ছে। শুটিংয়ে যাওয়ার অনেক আগে থেকেই ছবির জন্য প্রস্তুতি নিয়েছি। স্ট্ক্রিপ্ট রিডিং ও রিহার্সেল করেছি বহুদিন।
উল্লেখ্য, ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মিম। ২০০৭ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। পরের বছর ‘আমার আছে জল’ দিয়ে নাম লেখান সিনেমায়। এ পর্যন্ত তাকে বেশ কিছু আলোচিত ও সফল সিনেমায় দেখা গেছে।
বর্তমানে মিমের হাতে রয়েছে ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। এগুলোর কিছু অংশের শুটিং করেছেন, কিছুটা বাকি রয়েছে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’।
