বিনোদন ডেস্ক- গত বছর এই গুঞ্জনে সরগরম ছিল বলিউড। উঠেছিল আলোচনা-সমালোচনার ঝড়। পরে যদিও জানা যায়, একটি গানের প্রচারের জন্যই ‘মা’ হয়েছিলেন নেহা।
সেই বিতর্ক নিয়েই এ বার মুখ খুললেন বলিউডের জনপ্রিয় গায়িকা। সম্প্রতি ‘লাইফ অব কক্করস’ বলে একটি অনুষ্ঠান শুরু করেছেন নেহা। সেখানে তাঁর সঙ্গেই থাকবেন পরিবারের বাকি সদস্যরাও। অনুষ্ঠানের প্রথম পর্বেই প্রশ্ন, ‘নেহা কি মা হতে চলেছেন?’
অনুষ্ঠানেই অতীতের ট্রোলিংয়ের প্রসঙ্গ টেনে আনেন নেহা। স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে গান তৈরি করেছিলেন। নাম ‘খয়াল রকখা কর’। সেই গানের প্রচারে ছিল নেহার অন্তঃস্বত্ত্বা হওয়ার আভাস। বিয়ের মাত্র দু’মাসের মধ্যেই কীভাবে সন্তান ধারণ করলেন, সেই প্রশ্ন করে কাঠগড়ায় তোলা হয়েছিল নেহাকে।
নিজের এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে নেহা বলেন, “লোকে ভাবে, ইন্ডস্ট্রির মানুষেরা এমনই হয়। বিয়ের আগেই অনেক কিছু করে ফেলে। নেহা কক্করের ওজনও তো একটু বেড়ে যেতে পারে। এই মুহূর্তে আমার ওজন বেড়েছে। তার মানে এই নয় যে আমি অন্তঃসত্ত্বা।”
স্বামী রোহনপ্রীত হাসতে হাসতে জানান, নেহার প্রেগন্যান্সি সংক্রান্ত গুজবের জেরে পরিবারের লোকজনের কাছে হয়রান হতে হয়েছে তাঁকে। তিনি একথাও শুনেছেন, ‘ছেলেরা বিয়ের পর বদলে যায় জানা আছে, কিন্তু এমন সুখবর চেপে রাখে তা জানা ছিল না’।
এসময় নেহা কক্কর স্পষ্ট করেন, আগামী দু-তিন বছর রোহনের সঙ্গে দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করতে চান তিনি। তারপর দুই থেকে তিন হওয়ার পরিকল্পনা করবেন। এখনই মা হচ্ছেন না তিনি। তবে মাতৃত্বের স্বাদ নিঃসন্দেহে উপভোগ করতে চান নেহা।
