রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: “পুঁজিবাদী দুঃশাসন, রুখে দাড়াও জনগণ“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় শাহজাদপুরের বাসদ কার্য্যালয় থেকে এক র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারপর বাসদ কার্য্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বাসদের সভাপতি এ্যাডঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন। এসময় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বাসদের আহবায়ক কমরেড নব কুমার কর্মকার।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা বাসদের সহ-সভাপতি এ্যাডঃ কবীর আজমল বিপুল, উপজেলা বাসদের সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান পিন্টু, উপজেলা বাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলীম ফকির, সিরাজগঞ্জ জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ছানোয়ার হোসেন প্রমূখ।
বক্তাদের বক্তব্যে তারা বলেন, দেশে করোনা মহামারীর কারনে মানুষ আর্থিক সংকটে রয়েছে এরই মধ্যে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আরেক ধাপ জ্বালানী তেলের দাম বৃদ্ধি করায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পরেছে। তারা মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে চাল, ডাল, ভোগ্য তেল, জ্বালানী তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে জনমনে স্বস্তি প্রদানের দাবি জানান।
তারা আরো বলেন, দেশে নিয়ন্ত্রণহীন দুর্ণীতি ও লুটপাটের কারণে উন্নয়ন ব্যহত হচ্ছে এবং দরিদ্র মানুষ আরো দরিদ্রসীমার নিচে নেমে যাচ্ছে।এতে করে পুজিবাদীরা আরো বিত্যশালী হচ্ছে, তারা বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি ও দুর্ণীতি, লুটপাট বন্ধের দাবি জানান।
