বিনোদন ডেস্ক- বিভিন্ন অঙ্গনের ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বছরের সেরা করদাতা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ তালিকায় বিনোদন অঙ্গনের ছয় তারকাও আছেন। শিল্পী শাখায় আছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ আর অভিনেতা–অভিনেত্রী শাখায় আছেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা সাহা মিম এবং বাবুল আহমেদ।
২০১৯-২০ অর্থবছরের (২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত) দেওয়া করের ভিত্তিতে এ বছরের সেরা করদাতা নির্বাচিত করেছে এনবিআর। বুধবার বিভিন্ন শ্রেণিতে এ বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে তারা।
আগামী ২৪ নভেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রত্যেককে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেয়া হবে।
এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা অনুযায়ী ২০২০-২১ কর বছরের জন্য ব্যক্তিপর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টিসহ ১৪১ জনকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ব্যক্তিপর্যায়ে বিশেষ শ্রেণিতে ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে জ্যেষ্ঠ নাগরিক, গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ ক্যাটাগরিতে।
আয়ের উৎস বা পেশার ১৩ ক্যাটাগরি হলো ব্যবসায়ী, বেতনভোগী, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী (গায়ক-গায়িকা) এবং অন্যান্য।
নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। তাঁদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার। পাশাপাশি কর কার্ডধারী নিজে ও তাঁর স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। থাকছে আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ।
