বিনোদন ডেস্ক- মাত্র এক বছর সংসার করেছিলেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ও ব্যবসায়ী নিখিল জৈন। ২০১৯ সালে ধুমধাম আয়োজনে বিয়ে করেছিলেন। কিন্তু ২০২০ সালেই নুসরাত সংসার ছেড়ে চলে আসেন। এরপর অভিনেত্রী দাবি করেন, তাদের বিয়েই নাকি আইন মোতাবেক হয়নি।
এরপরই শুরু হয় নানা বিতর্ক, সমালোচনা। নুসরাত সংসার করতে চান না, এটা জানার পর নিখিল জৈন আদালতের দ্বারস্থ হন। বিয়ে ভাঙার জন্য মামলা দায়ের করেন। যেহেতু রেজিস্ট্রেশন হয়নি, তাই তাদের বিবাহবিচ্ছেদ হবে অ্যানালমেন্টের মাধ্যমে।
অবশেষে সেই মামলার রায় দিয়েছেন আলিপুর সিভিল কোর্ট। বুধবার (১৭ নভেম্বর) নিখিল জৈনের পক্ষে রায় দিয়েছেন আদালত। এর ফলে নুসরাত ও নিখিলের মধ্যকার দাম্পত্যের চূড়ান্ত অবসান হলো।
আদালতের রায় জানার পর উচ্ছ্বসিত নিখিল জৈন। আজ তার জন্মদিন। বিবাহবিচ্ছেদ কার্যকর হওয়াকে জন্মদিনের সেরা উপহার হিসেবে মনে করছেন তিনি।
ধর্মীয় রীতি মেনে বিয়ে করেছিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈন। তাদের বিয়ে রেজিস্ট্রি হয়নি। তাই অ্যানালমেন্ট করে আলাদা হতে চান নিখিল। নিয়ম অনুযায়ী, বিবাদীকে আদালতে গিয়ে বলতে হয় বাদীর সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। এজন্য নিখিল জৈন দেওয়ানি মামলা দায়ের করেছিলেন।
নুসরাতের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদ ঘটাতে নিখিল আদালতে যাওয়ার এক এক বিবৃতিতে নুসরাত দাবি করেছিলেন, তাদের বিয়ের নিবন্ধন হয়নি; ফলে তাদের বিয়ে বিয়েই নয়।
বিবৃতিতে নুসরাত বলেছিলেন, “আলাদা ধর্মের হওয়ায় ভারতের প্রচলিত বিশেষ বিবাহ আইনে এটি করা উচিত ছিল। কিন্তু মানা হয়নি। ফলে আইন অনুসারে এটি বিয়ে নয়। আমরা শুধু একসঙ্গে ছিলাম। ফলে বিয়ে বিচ্ছেদের কোনো প্রশ্নই উঠে না।”
নুসরাত অস্বীকার করলেও বিয়ে খারিজের মধ্য দিয়ে সেই বিয়েকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে এসেছে।
নিখিল আনন্দবাজারকে বলেন, ‘‘আমি যে মামলা করেছিলাম, তাতে আমার জয় হয়েছে। জন্মদিনের দিন এই খবর পেয়ে খুব খুশি আমি। শুধু আমি না, আমার বাবাও খুব খুশি। মা হাঁপ ছেড়ে বেঁচেছেন।’’ তিনি জানালেন, এই জয়ের ফলে নুসরতের সঙ্গে সমস্ত আইনি সম্পর্ক ছিন্ন হল।
২০১৯ সালে ভালোবেসে তুরস্কে বিয়ে করেন নিখিল-নুসরাত। বিয়ের এক বছরের মাথায় শুরু হয় তাদের দাম্পত্য কলহ। এরপর আলাদা থাকতে শুরু করেন তারা। এর মাঝে গুঞ্জন জোরালো হয়, অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নুসরাত। শুধু তাই নয়, তার মা হতে যাওয়ার গুঞ্জনও বাতাসে ভেসে বেড়ায়।
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে গত ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত জাহান। এরপর সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠে। সর্বশেষ জানা যায়, নুসরাত পুত্র ঈশান জাহানের বাবা অন্য কেউ নন, বরং যশ দাশগুপ্ত। আপাতত কাজ আর সংসার নিয়ে ব্যস্ত তৃণমূলের সাংসদ নুসরাত।
