বিনোদন ডেস্ক- গত কয়েকটা দিন খুবই মনখারাপের মধ্যে কেটেছে শ্রীলেখা মিত্রের। বাবার মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই অভিনেত্রীকে প্রতিবেশীদের রোষের মুখে পড়তে হয়েছিল। পথকুকুরদের নিয়ে নিজেরই আবাসনের মানুষদের আক্র মণের শিকার হয়ে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। আবাসন ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন।
মন ভাল রাখার জন্য রান্না, বাগান, পোষ্য নিয়েই মেতেছিলেন শ্রীলেখা। এবার ‘মানিকে মাগে হিতে’র তালে নেচেও নিলেন তিনি। কিছুদিন আগে জিমে শরীরচর্চার ফাঁকে ভাইরাল গানটিতে নিজে নাচার শখ হয়েছিল অভিনেত্রীর। সেকথা জানিয়েও ছিলেন ভিডিওতে।। ক্যাপশনে লিখেছিলেন, ‘দেখি পারি কিনা। বুড়ো বয়সের শখ আর কী। কাউকে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ নয়।’
ভিডিও করার সময়ে তাঁর মনে হয়েছিল, ভাইরাল গানটিতে নাচলে কেমন হয়? ভাবনাকে কাজে রূপান্তর করে ফেলেছেন শ্রীলেখা। নিজের ফ্ল্যাটের সাজানো ব্যালকনিতে লাল কুর্তি পরে নেচে উঠলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন, ‘কথা কিন্তু রাখলাম’। শ্রীলেখার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
নিজের ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করেছেন শ্রীলেখা। এতে দেখা যায়, লাল স্লিভলেস কুর্তির সঙ্গে প্রথমে সাদা প্লাজো পরেছিলেন। পরে অবশ্য তিনি কালো প্যান্টের সঙ্গে কুর্তিটি ‘ম্যাচ’ করে পরেছিলেন।
‘মানিকে মাগে হিথে…’, ইয়োহানির গাওয়া গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন শ্রীলেখা। খোলা আকাশের নিচে সবুজ ঘেরা পরিবেশে আরও মোহময়ী লাগছিল অভিনেত্রীকে। অবশ্য গানের ফিউশন মিউজিক বেছে নিয়েছিলেন তিনি।
শ্রীলেখার ইনস্টাগ্রামের ওয়ালে ইতোমধ্যেই কমেন্টের বন্যা বয়ে গেছে। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘এভাবেই ভালো থাকুন।’ বঙ্গ সুন্দরীর এই ভিডিওতে ‘ফিদা’ নেটপাড়া।
উল্লেখ্য, ইয়োহানি ডি-সিলভার গাওয়া মানিকে মাগে হিথে গানটি বিপুল জনপ্রিয় হয়েছিল। সিংহলী সুন্দরীর এই গানে মজেছেন বলিউড থেকে আমজনতা। খুব কম তারকাই এই গানের জাদু থেকে নিজেকে বাদ রাখতে পেরেছে। কিন্তু এর আগে শ্রীলেখাকে এই গানে কখনও ছন্দ মেলাতে দেখা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই নায়িকাকে নতুন রূপে দেখে খুশি ভক্তরা।
