বিনোদন ডেস্ক- বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমা শুক্রবার (৫ নভেম্বর) মুক্তি পেয়েছে। মহামারি করোনার ধকল পুরোপুরি কাটিয়ে উঠার আগেই মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।
মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিস কাঁপিয়ে ১২০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহে গত রোববার পর্যন্ত আরও ৩০ কোটি রুপির বেশি আয় করেছে সূর্যবংশী।
ভারতীয় চলচ্চিত্র সমালোচক ও চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের বরাত দিয়ে সেদেশের সংবাদমাধ্যমে বলা হচ্ছে, রোববার রাত পর্যন্ত দেশের বক্স অফিস থেকে ১৫০ কোটি রুপি আয় ছাড়াল সূর্যবংশী।
প্রথম সপ্তাহে ১২০ কোটি রুপির বেশি আয় করা সূর্যবংশী দ্বিতীয় সপ্তাহের শুরুর তিন দিনেই ৩০ দশমিক ৫৭ কোটি রুপি আয় করেছে। এ নিয়ে ১০ দিনে দেশের বক্স অফিস থেকে এই সিনেমায় আয় ১৫১ দশমিক ২৩ কোটি রুপি।
এছাড়া বিদেশের বক্স অফিসে এই সিনেমা আয় ৫০ কোটি রুপি ছুঁইছুঁই। সব মিলিয়ে ইতিমধ্যেই ২০০ কোটির রুপি আয় ছাড়াল সিনেমাটি।
রোহিত শেঠির কপ ইউনিভার্সের চার নম্বর সিনেমা সূর্যবংশী। সিংহাম, সিংহাম রিটার্নস, সিম্বা এরপর এলো সূর্যবংশী। এতে অক্ষয়-ক্যাটরিনার সঙ্গে বিশেষ চরিত্রে দেখা দিয়েছেন সিংহাম খ্যাত অজয় দেবগন ও সিম্বা রণবীর সিং।





